খুলনায় অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যবস্থার নির্দেশ
খুলনা নগরের রাস্তার ওপর অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে সড়ক ও জনপথ বিভাগ, বিআরটিএ এবং সিটি করপোরেশনকে নিজ নিজ ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
গতকাল রোববার জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ নির্দেশ নেওয়া হয়।
সভায় সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে গণসচেতনতার ওপর গুরুত্বারোপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া নগরের রাস্তায় সিসি ক্যামেরা বসানো ও যানজট এড়াতে ট্রাফিক সিস্টেমের সমন্বয় করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় সাংসদ মুহাম্মদ মিজানুর রহমান, কেএমপির উপকমিশনার এস এম ফজলুর রহমান, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, র্যাব-৬-এর স্পেশাল কমান্ডার এনায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, অবৈধভাবে ফুটপাত, জমি দখল, রাস্তা দখল করে আছে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের চিহ্নিত করতে বলা হয়েছে। পাশাপাশি কোন এলাকায় কীভাবে কতটুকু দখল হয়ে আছে সে বিষয়ে সওজ, বিআরটিএ ও কেসিসিকে সুনির্দিষ্ট তথ্যসহ তালিকা প্রণয়ন করতে বলা হয়েছে। তালিকা পাওয়ার পর এগুলো উচ্ছেদ করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জেলা প্রশাসন সর্বাত্মক সহায়তা দেবে।