খুলনায় অর্থ আত্মসাৎ মামলার প্রধান আসামি জেলে
খুলনায় বেসরকারি প্রতিষ্ঠান এহসান সোসাইটির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে করা দুটি মামলার প্রধান আসামি গোলাম রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে খুলনা মহানগর হাকিম মো. আমিরুল ইসলাম তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী রজব আলী সরদার বলেন, গত ২৭ অক্টোবর গ্রাহকদের পক্ষে মাঠকর্মী মো. আবুজর বাদী হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুটি মামলা করেন। ওই মামলায় তিনজনকে আসামি করা হয়। ২৯ নভেম্বর মামলার প্রধান আসামি গোলাম রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। তিনি এত দিন পলাতক ছিলেন। গতকাল আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন।
জানা গেছে, গোলাম রহমান এহসান সোসাইটির আওতাধীন প্রতিষ্ঠান এহসান রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের কেন্দ্রীয় পরিচালক। তবে মামলার আরেক আসামি এহসান সোসাইটি খুলনার আঞ্চলিক ব্যবস্থাপক গোলাম রহমানের ভাগনে রবিউল ইসলাম এখনো পলাতক। অন্য আসামি এহসান সোসাইটি খুলনা জেলার সমন্বয়কারী রশিদ আহমাদ আদালত থেকে জামিন নিয়েছেন।
অভিযোগ আছে, দুই শতাধিক মাঠকর্মীর মাধ্যমে ২০১৪ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি মাসিক সঞ্চয় বাবদ খুলনা ও সোনাডাঙ্গা থেকে ৩ কোটি টাকা, খালিশপুর থেকে দেড় কোটি ও দিঘলিয়া উপজেলা থেকে ৪০ লাখ টাকা আমানত সংগ্রহ করে। এ ছাড়া ২০০৭ সালে গোলাম রহমান রিয়েল এস্টেট ব্যবসায় মাসিক মুনাফার কথা বলে এসব এলাকার গ্রাহকদের কাছ থেকে আরও প্রায় ছয় কোটি টাকা নেন। কিন্তু পরে গ্রাহকদের সেই আমানত ফেরত দেওয়া হয়নি।