খুলনায় আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ
খুলনার সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ওরফে কামালের বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ করেছেন রূপসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আফতাব আহমেদ জমাদ্দার। গত সোমবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে আফতাব আহমেদ অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা কামাল প্রভাব খাটিয়ে তাঁর ভাড়াটেদের উচ্ছেদের চেষ্টা ও তাঁকে জীবননাশের হুমকি দিচ্ছেন। কামালের লোকজন তাঁর গুদাম ভেঙে বিভিন্ন মাল নিয়ে গেছে। এ বিষয়ে তিনি সোনাডাঙ্গা থানায় মামলা করতে চাইলেও পুলিশ মামলা নেয়নি। বর্তমানে আবুল কালাম ও তাঁর লোকজন নানাভাবে তাঁকে ও তাঁর লোকজনকে হয়রানি করছে এবং ভয়ভীতি দেখাছে।এ বিষয়ে আবুল কালাম আজাদ বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ওই জমি আফতাব আহমেদের নয়। জমির মালিক বিন্দুবাসিনী ঘোষ ও কালীচরণ ঘোষ। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর তাঁরা ভারতে চলে গেলে এটি পরিত্যক্ত জমি হিসেবে ছিল। ২৫-৩০ আগে স্থানীয় নিম্ন আয়ের লোকজন পুকুরের কিছু অংশ ভরাট করে ঘর তুলে বসবাস করছে। এ ছাড়া এলাকাবাসী মাটি ভরাট করে ফেরিঘাট প্রাথমিক বিদ্যালয় নামের স্কুল করেছেন। আফতাবের কোনো ভাড়াটে নেই।