খুলনায় আ.লীগের দুই নেতা বহিষ্কৃত
খুলনার খালিশপুর থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক কাজী ফজলুর রহমান ওরফে মহব্বত এবং নগরের ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আফসার উদ্দিনকে দলীয় পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা, নিয়মনীতি ও সংগঠন-পরিপন্থী কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়।কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, খুলনা মহানগর ও খালিশপুর থানা আওয়ামী লীগের নেতারা এক বিবৃতিতে বহিষ্কৃত দুজনকে দলীয় সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিবৃতিদাতারা হলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, খালিশপুর ও সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এ কে এম সানাউল্লা, আবুল কালাম আজাদ, মনিরুল ইসলাম ও শাহজাহান পারভেজ।