খুলনা জেলা আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের কোন্দল চরম আকার ধারণ করেছে। দুই পক্ষ নিজেদের অবস্থান, শক্তি ও সামর্থ্য প্রমাণে মাঠে নেমেছে। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলায় উভয় পক্ষ থেকে আলাদাভাবে প্রার্থী দেওয়া হয়েছে।নির্বাচনী প্রচার নিয়ে দুই পক্ষের বিবাদের জের ধরে খুন হয়েছেন তেরখাদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি আরও সংঘাতময় হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, খুলনা-৪ আসনের (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) সাংসদ মোল্লা জালাল উদ্দিন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা ইউপি নির্বাচন ঘিরে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।জানা যায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসন থেকে নির্বাচিত হন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাঁর বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা হয়। নিম্ন আদালতের রায়ে তাঁর সাজা হলে ২০০৮ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ এই আসনে সুজার পরিবর্তে মোল্লা জালালকে মনোনয়ন দেয়। নির্বাচনে মোল্লা জালাল জয়লাভ করেন।আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট ক্ষমতা গ্রহণের পর সুজা মামলা থেকে বেকসুর খালাস হয়ে এলাকায় ফিরে তৃণমূল পর্যায়ে নিজের সাংগঠনিক ভিত্তি মজবুত করার চেষ্টা করেন। একপর্যায়ে দলের একাংশ তাঁর নেতৃত্বের প্রতি আস্থা আনলে মোল্লা জালালের সঙ্গে তাঁর বিরোধের সৃষ্টি হয়। আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এই বিরোধ প্রকাশ্য রূপ নিয়েছে।মোল্লা জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ইউপি নির্বাচন নিয়ে সুজা দলের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন। শুধু প্রতিহিংসার বশবর্তী হয়ে তিনি দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে পাল্টা প্রার্থী দিচ্ছেন। তিনি বলেন, ‘সাবেক সাংসদ চাইছেন ইউপি নির্বাচনে দলের কেউ যাতে এখান থেকে জিততে না পারে। এতে আমার ব্যর্থতা প্রমাণ করা যাবে।’ মোল্লা জালাল বলেন, তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামকে ৫ নম্বর ইউনিয়নে দলের প্রার্থী মনোনীত করা হয়েছে। কিন্তু সুজা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সরফুদ্দিন বিশ্বাস জেলা কৃষক লীগের সহসভাপতি এফ এম ওয়াহিদুজ্জামানকে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন। প্রচার-প্রচারণাকে ঘিরে দুই পক্ষের দ্বন্দ্বে এখানে ছাত্রলীগের নেতা ইমরান খুন হয়েছেন। সাংসদ জালাল আরও বলেন, দিঘলিয়ার গাজিরহাট ইউনিয়নে তিনি পাঁচবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সেখানে এবার তাঁর ভাই নির্বাচন করছেন। সুজা ও তাঁর অনুসারীরা তাঁর ভাইয়ের বিরুদ্ধে প্রার্থী দিয়েছেন। এখানেও সংঘাতের আশঙ্কা রয়েছে।এস এম মোস্তফা রশিদী বলেন, ইউপি নির্বাচনে প্রার্থী সমর্থনের ব্যাপারে জালাল মোল্লাই বিরোধ সৃষ্টি করছেন। সাংসদ এলাকায় যা করছেন, তাতে ভবিষ্যতে দলের কোনো প্রার্থীর ওই আসনে জয়লাভ করা কঠিন হবে। তেরখাদায় ছাত্রলীগের নেতার হত্যাকাণ্ড তাঁর কারণেই হয়েছে। তিনি বলেন, ‘গত দুই বছর ধরে জেলা আওয়ামী লীগের কোনো সভা হয় না। ইউপি নির্বাচন নিয়ে দলের মধ্যে কোনো বৈঠক হয়নি। জেলা আওয়ামী লীগের বিভিন্ন সংকট ও সমস্যা নিরসনের জন্য জেলা সভাপতি শেখ হারুনুর রশীদকে দুই বছর ধরে সভা ডাকার জন্য বললেও তিনি সভা ডাকছেন না। তিনি দলের মধ্যে সংকট জিইয়ে রেখেছেন ও সাংগঠনিকভাবে আমাকে হেয় করার অপচেষ্টা চালাচ্ছেন।’ তিনি বলেন, জেলা সভাপতির নির্দেশিত পথেই সাংসদ মোল্লা জালাল প্রভাব বিস্তারের চেষ্টা করছেন ও দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে চলেছেন।জেলা সাধারণ সম্পাদকের অভিযোগ নাকচ করে দিয়ে শেখ হারুনুর রশিদ বলেন, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী এখানে দলীয় কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থী সমর্থনের বিষয়ে কেন্দ্রের নির্দেশ অনুযায়ী দলের ইউনিয়ন কমিটির ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা সভাপতি হিসেবে খুলনা-৪ আসন এলাকায় তিনি কোনো প্রভাব বিস্তারের চেষ্টা করছেন না। সাংসদ ওই এলাকায় দলীয় কর্মকাণ্ড পরিচালনা করছেন।