খুলনায় আ.লীগের বিদ্রোহী প্রার্থীর ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিন খুলনায় আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ চেয়ারম্যান পদপ্রার্থী অজয় সরকারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বেলা পৌনে তিনটার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় চত্বরে এই হামলার সময় তাঁর গাড়ি ভাঙচুর করা ও গুলি ছোড়ার ঘটনাও ঘটেছে।
খুলনায় হামলার শিকার হওয়া চেয়ারম্যান প্রার্থী অজয় সরকারের পেটের বাঁ পাশ ক্ষুরের আঘাতে কেটে গেছে বলে তিনি জানিয়েছেন। প্রাথমিক চিকিৎসা নেওয়ার কথা জানালেও কোথায় আছেন, তা জানাতে চাননি।
অজয় রায় বলেন, বেলা দেড়টার দিকে তিনি খবর পান, তাঁর কর্মী-সমর্থকদের ওপর হামলা হচ্ছে। সঙ্গে সঙ্গেই বিষয়টি তিনি পুলিশ কমিশনারকে জানান। তিনি আশ্বস্ত করার পর বেলা দুইটার আগেই তিনি (অজয়) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান। এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল ও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শেখ হারুনুর রশীদের অনুসারীরা তাঁকে নির্বাচন থেকে সরে যাওয়ার হুমকি দেন। একপর্যায়ে তিনি গাড়িতে ওঠার সময় পেছন থেকে তাঁকে ক্ষুর দিয়ে আঘাত করে হামলাকারীরা।
তবে অভিযোগ নাকচ করে কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি; বরং অজয় শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি করেছেন। পরে দলীয় নেতা-কর্মীরা তাঁকে গালিগালাজ করেছেন বলে তিনি শুনেছেন। হারুনুর রশীদের মুঠোফোনে কয়েকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
মনোনয়নপত্র বাতিল হলো: জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে গতকাল ৯ জেলায় মোট ২৭ জন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীর মনোনয়নপত্র নির্বাচন কমিশন বাতিল করেছে। চেয়ারম্যান পদে বরগুনায় জেলা জাতীয় পার্টির সভাপতি জাফরুল হাসান ফরহাদ, জামালপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন ও জাতীয় পার্টির (এরশাদ) নজরুল ইসলাম, কুষ্টিয়ায় জাসদ-সমর্থিত গোলাম মহসিন, ফরিদপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামসুল হক, কিশোরগঞ্জে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আশিক জামান ও মানিকগঞ্জে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম মৃধার মনোনয়নপত্র বাতিল হয়েছে। আর সদস্য পদে মনোনয়নপত্র বাতিল হয়েছে নীলফামারীতে খাদিজা বেগম, তারিক আকরাম, মো. শাহাজাহান ও গোলাম রাব্বানী শাহ্র। বরগুনায় আফরোজা সুলতানা, আসমা আক্তার, কে এম মারুফ রেজা, এইচ শাহজাহান কবীর ও জাহাঙ্গীর হোসেনের। রাজশাহীতে আবু সাঈদ আনোয়ারী, নিত্যনন্দন মণ্ডল ও ইফফাত আরা কামালের। বরিশালে মজিবুল হক, তাহাদুল হোসেন, শহিদুল ইসলাম ও সাইদুর রহমানের। ফরিদপুরে জামালউদ্দিন ও মো. দাউদ হোসেনের। মানিকগঞ্জে জাহানারা বেগম ও শামীমা বেগমের।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর খুলনা অফিস ও সংশ্লিষ্ট এলাকাগুলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা}