খুলনায় আ.লীগের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত
আওয়ামী লীগের খুলনা বিভাগীয় বিশেষ প্রতিনিধি সভা গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনার ইউনাইটেড ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলা ও মহানগর শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংসদ, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা ও সমমর্যাদার পৌর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়রেরা উপস্থিত ছিলেন। সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। সভায় আওয়ামী লীগ সরকারের সময়কালে খুলনা অঞ্চলের উন্নয়ন, আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল, বেগম মন্নুজান সুফিয়ান, পারভীন জাহান কল্পনা, মো. আমিরুল ইসলাম স্বপন, খুলনা জেলা সভাপতি শেখ হারুনুর রশিদ, নগর সভাপতি তালুকদার আবদুল খালেক, জেলা সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী প্রমুখ।
সভায় হানিফ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের জন্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছেন। সংবিধান অনুযায়ী তিনি যে সিদ্ধান্ত দেবেন, তা-ই আওয়ামী লীগ মেনে নেবে। রাষ্ট্রপতির সিদ্ধান্তের ক্ষেত্রে কেউ কোনো হস্তক্ষেপ করবে না।
বিএনপি-জামায়াতের সময় দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছিল উল্লেখ করে হানিফ বলেন, ‘ওই সময় ১২৯টি মৌলবাদী জঙ্গি সংগঠনের আবির্ভাব ঘটেছিল। রাজপথে বাংলা ভাইয়ের সশস্ত্র মহড়া আমরা দেখেছি।’