খুলনায় আইনজীবীকে মারধরের তীব্র নিন্দা মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচিত বর্ণালী ঘোষ অপহরণ, ধর্ষণ ও হত্যা মামলায় বাদীপক্ষের আইনজীবী মো. মোমিনুল ইসলামকে খুলনা আদালত ভবনে মারধরের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন খুলনার মেয়র তালুকদার আবদুল খালেক ও বিভিন্ন সংগঠন। ওই ঘটনায় আসামিপক্ষের আইনজীবী পারভেজ আলম খান ও অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার রাতে খুলনা সদর থানায় মামলা হয়েছে।মোমিনুলের পক্ষে তাঁর দুজন সহকর্মী গতকাল বিকেলে থানায় লিখিত অভিযোগ করেন। রাতে অভিযোগটি এজাহার হিসেবে নেওয়া হয়। এজাহারে বলা হয়, মোমিনুল ইসলামকে আসামিপক্ষের আইনজীবী ও আত্মীয়রা বেশ কয়েকবার হত্যার হুমকি দেন। গত সোমবার দুপুর আড়াইটার দিকে আসামিপক্ষের আইনজীবী পারভেজ আলম খান আসামি (মৃত্যুদণ্ডপ্রাপ্ত) মো. কামাল হোসেন হাওলাদারের মামলা পরিচালনার খরচ বাবদ তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। একপর্যায়ে পারভেজ আলম অশালীন ভাষায় গালাগাল শুরু করেন এবং সহযোগীদের নিয়ে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মেরে মোমিনুলকে আহত করেন। এ সময় মোমিনুলের কাছ থেকে সাড়ে ১৬ হাজার টাকা, একটি মুঠোফোন ও কিছু জরুরি কাগজপত্র ছিনিয়ে নেন পারভেজ আলম। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনির উল গিয়াস মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে গতকাল রাত সাড়ে নয়টায় প্রথম আলোকে জানান, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।মোমিনুলকে মারধরের ঘটনার পরিপ্রেক্ষিতে খুলনা জেলা আইনজীবী সমিতি গতকাল সকালে জরুরি সভা করেছে। সভায় ওই ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং সংশ্লিষ্ট দুজন আইনজীবীর উপস্থিতিতে পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়। মোমিনুলের ওপর হামলার প্রতিবাদে ও দায়ী ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’।আইনজীবী পারভেজ আলম খান প্রথম আলোকে বলেন, ‘মোমিনুল আমার ছাত্রজীবনের বন্ধু। সোমবার দুপুরে ফাজলামির একপর্যায়ে মোমিনুল আমাকে গালাগাল করে এবং আমার গায়ে প্রথমে হাত তোলে। আত্মরক্ষার্থে আমি তাঁকে আঘাত করতে বাধ্য হই।’