খুলনায় আইলা-দুর্গত এলাকা থেকে জলাবদ্ধতা দূর
দীর্ঘ ২১ মাস পর অবশেষে খুলনার আইলা-দুর্গত এলাকায় জলাবদ্ধতা সমস্যার সমাধান হচ্ছে। ইতিমধ্যে ক্লোজার নির্মাণ সফলভাবে শেষ হওয়ায় দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের গোলবুনিয়া ও কয়রার কিছু এলাকা থেকে জলাবদ্ধতা দূর হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলার আঘাতের পর বেড়িবাঁধ ভেঙে পানি ঢোকায় খুলনার কয়রা ও দাকোপ উপজেলায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে জোয়ারের সময় পানি ওঠায় দুই উপজেলার প্রায় তিন লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে বেড়িবাঁধ, রাস্তাসহ বিভিন্ন স্থানে আশ্রয় নেয়। কয়রা উপজেলার চারটি ও দাকোপ উপজেলার সাতটি ঝুঁকিপূর্ণ ক্লোজার নির্মাণ সম্ভব না হওয়ায় দীর্ঘ ২১ মাস ধরে তারা পানিবন্দী অবস্থায় ছিল। গত রোববার দাকোপের গোলবুনিয়া ক্লোজার এবং কয়রার পদ্মপুকুর ক্লোজারের নির্মাণকাজ শেষ হয়। এর মাধ্যমে কয়রার পাতাখালী এলাকা ছাড়া বাকি সব এলাকা জলাবদ্ধতামুক্ত করা হয়েছে। জেলা প্রশাসক জমসের আহম্মদ খন্দকার জানান, সুতারখালী ও কামারখোলা ইউনিয়নের সাতটি ক্লোজার নির্মাণের মধ্য দিয়ে দাকোপ উপজেলায় সব বাঁধ মেরামত হয়ে গেল। গত মৌসুমে দাকোপের বাঁধ আটকাতে ব্যর্থ হওয়ার পর চলতি মৌসুমে যেকোনো মূল্যে বাঁধ আটকানোর জন্য সরকার উদ্যোগ নেয়।