খুলনায় আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরে আজ রোববার থেকে খোলাবাজারে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতিদিন সাতটি ট্রাকে করে নগরের ১৬টি স্থানে এবং ডিলারদের দোকানে মসুর ডাল, সয়াবিন তেল, ছোলা ও চিনি বিক্রি করা হবে।
টিসিবি খুলনা কার্যালয় থেকে জানা গেছে, এ বছর দেশি চিনি (সাদা) প্রতি কেজি ৪৮ টাকা, অস্ট্রেলিয়া থেকে আমদানি করা ছোলা ৭০ টাকা, তুরস্ক থেকে আমদানি করা মসুর ডাল ৮০ টাকা এবং পুষ্টি সয়াবিন তেল প্রতি লিটার ৮০ টাকা করে বিক্রি করা হবে। সাতটি ট্রাকের প্রত্যেকটিতে ৪০০ কেজি করে চিনি ও ছোলা এবং ৩০০ কেজি করে ডাল ও তেল দেওয়া হবে।
টিসিবি খুলনার আঞ্চলিক ব্যবস্থাপক রবিউল মোর্শেদ বলেন, একটি ট্রাক জেলা প্রশাসকের কার্যালয় ও বাংলাদেশ ব্যাংক মোড়ে, দ্বিতীয় ট্রাকটি নতুন বাজার ও রূপসা ট্রাফিক মোড়, তৃতীয় ট্রাক শান্তিধাম মোড় ও সাউথ সেন্ট্রাল রোড, চতুর্থ ট্রাকটি ময়লাপোতা, নিরালা ও গল্লামারী মোড়, পঞ্চম ট্রাকটি নিউমার্কেট, বয়রা ও বৈকালীর মোড়, ষষ্ঠ ট্রাকটি খালিশপুর বিআইডিসি রোডের শিল্পাঞ্চল ও চিত্রালী বাজার এবং সপ্তম ট্রাকটি নতুন রাস্তা ও ফুলবাড়িগেট মোড়ে পণ্য বিক্রি করবে।