খুলনায় আজ হরতাল পাঁচ দিনের রিমান্ডে গোলাম পরওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর কমিটি আজ বুধবার খুলনায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে। কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সাংসদ মিয়া গোলাম পরওয়ারসহ নেতা-কর্মীদের গ্রেপ্তার, জামায়াত-শিবিরের ওপর পুলিশি হামলার প্রতিবাদ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ হরতাল ডাকা হয়। মিয়া গোলাম পরওয়ারকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম হারুন-অর রশিদ এ আদেশ দেন।গতকাল দুপুরে খুলনা নগর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল এগোতে থাকলে স্যার ইকবাল রোডের মতি মসজিদের সামনে পুলিশ বাধা দেয়। সেখানে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনার পর বিকেলে খুলনা নগর ও জেলা জামায়াতে ইসলামীর যৌথ জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভা থেকে খুলনায় আজ সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়। খুলনা নগর জামায়াতের সহকারী সেক্রেটারি শাহ আলম বলেন, গোলাম পরওয়ারসহ সারা দেশে অসংখ্য নেতা-কর্মী গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে এ হরতাল দেওয়া হয়েছে। গতকাল গোলাম পরওয়ারের রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। আদালত তা নাকচ করে দেন। মতিঝিল থানার এসআই মোকাররম হোসেন আসামি গোলাম পরওয়ারকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রাজধানীর গুলশান থেকে গত সোমবার তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।গোলাম পরওয়ার মতিঝিল থানার আরও চারটি মামলার আসামি। গতকাল দ্রুত বিচার আইনের অপর একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।