খুলনায় আতঙ্কে ভোট দিতে যাননি অনেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার তিনটি আসনে গতকাল রোববার সকাল থেকেই ভোটারের উপস্থিতি ছিল কম। অনেকে ইচ্ছা থাকলেও সহিংসতার আতঙ্কে ভোট দিতে যাননি। আবার অনেকে দল বেঁধে একযোগে গেছেন ভোট দিতে। তবে অধিকাংশ ভোটকেন্দ্রের সামনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। স্বতন্ত্র প্রার্থীদের পক্ষের লোক তেমন দেখা যায়নি।
নগরের স্যার ইকবাল রোডের বাসিন্দা রিকশাচালক করিম হাওলাদার বলেন, ‘ইচ্ছা থাকলেও বোমের ভয়ে পরিবারের সবাইরে নিয়ে ভোটকেন্দ্রে যেতে ভয় পাচ্ছি। দেখি বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি কী হয়।’ পাশের চায়ের দোকানে বসে থাকা একই এলাকার বাসিন্দা নজরুল হোসেন বলেন, ‘টিভি খুললেই ককটেল বিস্ফোরণ ও হামলার সংবাদ পাচ্ছি। এতে আতঙ্ক বেশি ছড়িয়ে পড়ছে। আতঙ্কের কারণেই বাড়ির মহিলারা ভোট দিতে যেতে ভয় পাচ্ছে।’
বেলা সাড়ে ১১টার দিকে নগরের সিটি কলেজে ভোট দিতে আসা বাবেয়া খাতুন বলেন, ‘আতঙ্কের মধ্যেই জীবনের প্রথম ভোট দিতে এলাম। প্রথমে বাড়ি থেকে কেউ আসতে দিতে চাচ্ছিল না। পরে বাবার সাথে এসেছি।’ বেলা তিনটার দিকে অনেককে পরিবার-পরিজন নিয়ে ভোট দিতে যেতে দেখা গেছে। নগরের বানিখামার রোডের বাসিন্দা সারমিন সুলতানা তাঁর মা-বাবা, বড় ভাই ও ভাবির সঙ্গে পিটিআই স্কুলকেন্দ্রে ভোট দিতে আসেন। তিনি বলেন, ‘সকাল থেকে টিভির সামনে বসেছিলাম। বিভিন্ন স্থানে সহিংসতার খবর শুনে আতঙ্কে ছিল সবাই। তাই একটু বেলা করে সবাইকে নিয়ে ভোট দিতে এসেছি।’