খুলনায় আধা নিবিড় চিংড়ি খামারে মড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা জেলায় আধা নিবিড় (সেমি ইনটেনসিভ) চিংড়ি উৎপাদন খামারে মড়ক দেখা দিয়েছে। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন খামারিরা। মড়ক ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেক খামারের মালিক।

বিশেষজ্ঞদের মতে, এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে ইএমএস (আরলি মরটালিটি সিনড্রোম) দেখা দিয়েছে। এতে বাগদা চিংড়ির পোনা মারা যাচ্ছে।

খুলনার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, বটিয়াঘাটা ও দাকোপ উপজেলায় আধা নিবিড় পদ্ধতির চিংড়ি খামার রয়েছে। বড় বড় পুকুর করে সম্পূর্ণ রোগমুক্ত পরিবেশে ও আধুনিক পদ্ধতিতে চিংড়ি চাষ করা হয়। এসব খামারে সাধারণত রোগমুক্ত চিংড়ি পোনা ছাড়া হয়। আর আধুনিক পদ্ধতিতে চাষের ফলে চিংড়ির উৎপাদন ভালো হয়, লাভও হয় বেশি।

জেলা মৎস্য কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ জেলায় তালিকাভুক্ত বড় আকারের ৬০টি আধা নিবিড় চিংড়ি খামার আছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ছোট-বড় মিলিয়ে আধুনিক পদ্ধতির চিংড়ি খামার রয়েছে শতাধিক। এর মধ্যে বটিয়াঘাটা ছাড়া প্রায় সব এলাকার ছোট-বড় অনেক খামারেই মারাত্মক আকারে মড়ক দেখা দিয়েছে।

পাইকগাছা উপজেলার সাফোয়ান অ্যাকুয়াকালচার আধা নিবিড় পদ্ধতির খামারে রয়েছে ৮৩টি পুকুর। এবার শুরু থেকেই একসঙ্গে ৬০টি পুকুরে মড়ক দেখা দিয়েছে। এ কারণে আপাতত চাষ বন্ধ রেখেছেন ওই খামারের কর্মকর্তারা।

সাফোয়ান অ্যাকুয়াকালচারের মহাব্যবস্থাপক সমর দাস প্রথম আলোকে বলেন, চলতি বছরের শুরু থেকেই পরপর ৬০টি পুকুরে চিংড়ির পোনা মারা যায়। এসব পুকুরে ৫০ লাখ টাকার বেশি বাগদা চিংড়ির পোনা ছাড়া হয়েছিল। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ হবে অন্তত ১০ কোটি টাকা। দেড় মাস ধরে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। তবে কয়েক দিনের মধ্যে আবার চাষ শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

দাকোপ উপজেলার সুতারখালি ইউনিয়নের নেবুলা অ্যাকুয়াকালচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ মালেক বলেন, ১৫টি পুকুরের মধ্যে ১২টি পুকুরে এ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৭০ লাখ টাকার। এখন উৎপাদন বন্ধ আছে।

ডুমুরিয়া উপজেলায় ভান্ডারপাড়া ইউনিয়নে ছোট পরিসরে তিনটি পুকুর নিয়ে আধা নিবিড় পদ্ধতিতে চিংড়ি চাষ শুরু করেছিলেন কৃষানু ঢালী। তিনি বলেন, মড়ক দেখা না দিলেও আতঙ্কে তিনি খামার বন্ধ রেখেছেন।

কয়রা উপজেলার আমাদী এলাকার আয়শা আমির অ্যাকোয়া কালচার লিমিটেডের স্বত্বাধিকারী আমীর আলী গাইন বলেন, তাঁর পাঁচটি পুকুরের মধ্যে তিনটিতে মড়ক দেখা দিয়েছে। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা শামীম হায়দার বলেন, আধা নিবিড় পদ্ধতিতে মাছ চাষের অন্যতম শর্ত হলো পোনা হতে হবে সম্পূর্ণ রোগমুক্ত। আর আশপাশের পরিবেশ রাখতে হবে স্বাস্থ্যসম্মত। কিন্তু যেসব খামারে এ রোগ দেখা দিয়েছে, সেখানে রোগমুক্ত পোনা ব্যবহার করছে কি না, তা খতিয়ে দেখতে হবে। তবে মড়ক ঠেকাতে নিয়মিত পরামর্শ অব্যাহত আছে।

আধা নিবিড় পদ্ধতির খামারগুলোতে মাছের খাবার সরবরাহ করে সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান আধা নিবিড় পদ্ধতির মাছের খামারগুলোকে নিয়মিত পরামর্শ দেওয়ার জন্য বিশেষজ্ঞ নিয়োগ দিয়ে থাকে। প্রতিষ্ঠানটির বাংলাদেশের প্রধান পবিত্র কুমার সাহা বলেন, ব্যাকটেরিয়াজনিত ইএমএস রোগটি অনেক আগে থেকেই অন্য অনেক দেশে ছিল। গত বছর রোগটি প্রথম বাংলাদেশে দেখা দেয়। এরপর খামারের মালিকদের প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে পরামর্শ দেওয়া হয়। কিন্তু অনেকেই পরামর্শ অনুযায়ী কাজ করেননি। এ কারণে চলতি বছরের শুরু থেকেই এ রোগের বিস্তার বেশি হয়েছে।