খুলনায় আনন্দ মেলার নামে জুয়ার আসর
খুলনা নগরে আনন্দ মেলার নামে প্রকাশ্যে জুয়া খেলা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। মেলায় চরকা, র্যাফেল ড্র, হাউজিসহ বিভিন্ন ধরনের এই জুয়া খেলা চলছে।নগরের সোনাডাঙ্গা বাস টার্মিনালের পাশে মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে গত ২৮ সেপ্টেম্বর এই মেলা শুরু হয়েছে। আগামী ২৮ অক্টোবর মেলা শেষ হওয়ার কথা।নগরের শেখ জামাল স্মৃতি সংসদের (ক্লাব) সাহায্যার্থে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার শুরুতে যাত্রাপালা চললেও পরে মঞ্চে অশ্লীল নাচ-গান পরিবেশন করা হয়। বিভিন্ন মহলের অভিযোগের পরিপ্রেক্ষিতে একপর্যায়ে প্রশাসন আট দিন মেলা বন্ধ রাখে। ১০ অক্টোবর থেকে আবার মেলা শুরু হয়। এবার তারা যাত্রার স্থলে সার্কাস দেখাচ্ছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সার্কাস দেখানোর নামে মেলা শুরু হয় রাত আটটার দিকে। রাত ১১টার দিকে এখানে র্যাফেল ড্র, হাউজি, চরকা খেলার নামে চলে জুয়ার ব্যবসা। এখানে সার্কাস দেখতে নয়, অধিকাংশ লোক আসে জুয়া খেলতে।সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন খান বলেন, ‘আমার কাছে সার্কাস, র্যাফেল ড্র ও হাউজি খেলার অনুমতি নেওয়া আছে। অন্য কোনো খেলার অনুমতি নেই। তারা যদি জুয়ার আসর বসায়, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’মেলার পরিচালক ফারুক আহমেদ বলেন, ‘আমি এ মেলায় প্রায় ১৫ লাখ টাকা খরচ করেছি। এখনো আমার অনেক টাকা লোকসান রয়েছে। এখানে সার্কাস, র্যাফেল ড্র ও হাউজি খেলা চলে। অন্য কোনো খেলা হচ্ছে না।’