খুলনায় আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ প্রতিযোগিতা হয়।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ আয়োজিত এই প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল যন্ত্রসংগীত। গিটার, তবলা ও বাঁশিতে অংশ নিতে ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, খুলনা, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তিনজন করে প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ নেন। এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অশোক কুমার, নিখিল কৃষ্ণ মজুমদার ও দেব কুমার।
প্রতিযোগিতায় গিটারে প্রথম হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের তুরান মাহবুব মাসিউল আজিম, দ্বিতীয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মো. আফতাব উদ্দিন ও তৃতীয় হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মো. ইব্রাহীম সুজন। তবলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পিয়াস কুমার প্রথম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিশোর দাস দ্বিতীয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ের তপু দাস হন তৃতীয়। বাঁশিতে প্রথম হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাওয়াদ মুস্তাকীম আল মুবাল্লিক, দ্বিতীয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রণব সরকার এবং তৃতীয় হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মো. রেজওয়ান ইসলাম।