খুলনায় আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’—এই শিরোনামে খুলনা বিভাগীয় জাদুঘর মিলনায়তনে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব গত শুক্রবার শেষ হয়েছে।উৎসবের প্রথম দিন গত বুধবার জাদুঘর মিলনায়তনে এসেছিল নগরের একটি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র ফয়সাল। জার্মানির সিনেমা দ্য ক্রোকোডাইলস, বাংলাদেশের শরৎ ’৭১ ও ইরানের চিল্ড্রেন অব হেভেন দেখে ওর অনন্দের যেন শেষ নেই। বারবার মায়ের কাছে আবদার করছিল এসব সিনেমার সিডি কিনে দেওয়ার জন্য। কারণ জানতে চাইলে ফয়সাল বলে, ‘আমাদের উপযোগী সিনেমা খুবই কম। তাই এখানে শিশুদের যেসব সিনেমা দেখানো হয়েছে, সেগুলোর সিডি সংগ্রহ করে রাখব। যখন মন চাইবে দেখব।’ উৎসবে আসা ফয়সালের মতো অনেক শিশুই তাদের অভিভাবকের কাছে উত্সবে প্রদর্শিত সিনেমার সিডি কিনে দেওয়ার বায়না ধরেছিল।শুক্রবার উৎসবের শেষ দিন খুলনা মহানগরের বিভাগীয় জাদুঘর মিলনায়তনে ছিল শিশুদের উপচে পড়া ভিড়। মিলনায়তনের ভেতরে-বাইরে শিশুদের ঠাসাঠাসি। মিলনায়তনের ভেতরে আসন না থাকায় এক আসনে দুজন করে বসে বা কোলে বসেও সিনেমে দেখেছে অনেক শিশু। উৎসবে দেশীয় শিশুতোষ চলচ্চিত্রের পাশাপাশি জার্মানি, ভারত, নরওয়ে, নেদারল্যান্ড, ইরান, ব্রাজিল ও অস্ট্রিয়ার ১৭টি সিনেমা প্রদর্শন করা হয়।