খুলনায় আব্বাসউদ্দীন লোক উৎসব শুরু আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপমহাদেশের লোকসংগীত সম্রাট আব্বাসউদ্দীনের নামানুসারে খুলনায় তিন দিনব্যাপী আব্বাসউদ্দীন লোক উৎসব শুরু হচ্ছে আজ শুক্রবার। ‘বঙ্গ সুর ও ছন্দে বাজুক বিশ্বজনের প্রাণ’ স্লোগান নিয়ে শহীদ হাদিস পার্কে আজ বিকেল পাঁচটায় শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন হবে।
লোকজ সংস্কৃতির বিকাশ ও চর্চা বাড়ানোর জন্য প্রতিবছরের মতো এ বছরও এই উৎসবের আয়োজন করেছে খুলনার আব্বাসউদ্দীন একাডেমী। উৎসব শেষ হবে রোববার। আব্বাসউদ্দীন একাডেমীর সাধারণ সম্পাদক এনামুল হক বাচ্চু বলেন, উৎসবের প্রত্যেক দিন লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। এর মধ্যে কবিগান, জারিগান, অষ্টক, লাঠিখেলা, ভাটিয়ালিসহ বিভিন্ন লোকসংগীত ও লোকনৃত্য থাকবে। এনামুল হক আরও বলেন, প্রথম দিন শুক্রবার সাড়ে পাঁচটায় ছোটদের লোকজ অনুষ্ঠান, সন্ধ্যা সোয়া ছয়টায় আলোচনা অনুষ্ঠান ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।