পৃথক অনুষ্ঠানে যোগ দিতে আজ বুধবার খুলনায় আসছেন একজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা। খুলনা আঞ্চলিক তথ্য অফিস সূত্রে জানা গেছে, আজ খুলনার অ্যাজাক্স জুট মিলসের নতুন ব্যবস্থাপনা পরিষদের দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আসছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিন দিনের সফরে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দও আজ খুলনায় আসছেন। আজ বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে নতুন কোয়ারেনটাইন ভবনের উদ্বোধন করবেন তিনি। বিকেলে প্রতিমন্ত্রী ডুমুরিয়ায় পঙ্কজ রঞ্জন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির ডুমুরিয়া উপজেলা শাখার এক সভায় যোগ দেবেন। আজ রাতেই প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান খুলনা আসবেন। শুক্রবার সকালে খুলনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে এক আলোচনা সভায় যোগ দেবেন তিনি।