খুলনায় ইসলামী আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, স্বাধীনতার পর বিগত সরকারগুলো দেশকে তলাবিহীন রাষ্ট্রে পরিণত করেছে। দেশের সব খাতকে দুর্নীতির স্বর্গরাজ্য বানানো হয়েছে। জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও অসৎ উদ্দেশ্যে, রাজনৈতিক হীন স্বার্থে ব্যবহার করা হচ্ছে।গতকাল শুক্রবার ইসলামী আন্দোলনের খুলনা বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় চরমোনাইয়ের পীর এসব কথা বলেন। পূর্বঘোষণা অনুযায়ী, গতকাল বেলা তিনটায় নগরের ডাকবাংলা মোড়ে ইসলামী আন্দোলনের বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী হত্যাযজ্ঞ, সহিংস রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক অস্থিরতা, নাগরিক নিরাপত্তাহীনতা ও ‘নাস্তিক’ ব্লগারদের শাস্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।চরমোনাইয়ের পীর আরও বলেন, ‘শেয়ারবাজার, হল-মার্ক ও পদ্মা সেতু কেলেঙ্কারি আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। বিদেশিরা বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলেছে। অনেক ক্ষেত্রে তারা তাদের বিনিয়োগ গুটিয়ে নিচ্ছে।’ এসব অরাজকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। সমাবেশে সংগঠনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমদ ইসলামী আন্দোলনের প্রার্থীদের হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘ভোট একটি পবিত্র আমানত। এই আমানতের খেয়ানত করলে কাল কেয়ামতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অতএব, খারাপ মানুষকে ভোট দেবেন না।’মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সংগঠনের খুলনা মহানগর শাখার সভাপতি মাওলানা মুজ্জাম্মেল হকের সভাপতিত্বে মহাসমাবেশে আরও বক্তৃতা করেন দলের ঢাকা মহানগরের সভাপতি এ টি এম হেমায়েত উদ্দিন এবং মো. আখতারুজ্জামান, মুফতি সৈয়দ ফয়জুল করীম, মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ।