খুলনায় ইসলামী আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, স্বাধীনতার পর বিগত সরকারগুলো দেশকে তলাবিহীন রাষ্ট্রে পরিণত করেছে। দেশের সব খাতকে দুর্নীতির স্বর্গরাজ্য বানানো হয়েছে। জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও অসৎ উদ্দেশ্যে, রাজনৈতিক হীন স্বার্থে ব্যবহার করা হচ্ছে।গতকাল শুক্রবার ইসলামী আন্দোলনের খুলনা বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় চরমোনাইয়ের পীর এসব কথা বলেন। পূর্বঘোষণা অনুযায়ী, গতকাল বেলা তিনটায় নগরের ডাকবাংলা মোড়ে ইসলামী আন্দোলনের বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী হত্যাযজ্ঞ, সহিংস রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক অস্থিরতা, নাগরিক নিরাপত্তাহীনতা ও ‘নাস্তিক’ ব্লগারদের শাস্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সংগঠনের খুলনা মহানগর শাখার সভাপতি মাওলানা মুজ্জাম্মেল হকের সভাপতিত্বে মহাসমাবেশে আরও বক্তৃতা করেন দলের ঢাকা মহানগরের সভাপতি এ টি এম হেমায়েত উদ্দিন এবং মো. আখতারুজ্জামান প্রমুখ।