খুলনায় ঈদের বাজারে উপচে পড়া ভিড়
খুলনায় জমে উঠেছে ঈদের বাজার। মহানগরের সব মার্কেট, বিপণিবিতান ও ফুটপাতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে। ঈদ যত ঘনিয়ে আসছে বাজারে ভিড় ততই বেড়ে চলেছে। ঈদ উপলক্ষে পছন্দসই জিনিস কিনতে নগরের সব শ্রেণীর মানুষ এখন ব্যস্ত। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। মহানগরের অভিজাত শপিং মল থেকে শুরু করে ফুটপাত পর্যন্ত সকাল থেকে গভীর রাত অবধি চলছে কেনাকাটা। বিশেষ করে নগরের কেডিএ নিউমার্কেট, অভিজাত শপিং মল সেভ অ্যান্ড সেফ, আড়ং, জলিল টাওয়ার, মীনা বাজার, খুলনা শপিং সেন্টার, আক্তার চেম্বার, ঈসা চেম্বার, হাজী মালেক চেম্বার, শহীদ সোহরাওয়ার্দী মার্কেট, খানজাহান আলী হকার্স মার্কেট, রব মার্কেট, নিক্সন মার্কেট, রেলওয়ে মার্কেট, শঙ্খ মার্কেট, বড় বাজার এবং ক্লে রোড থেকে ডাকবাংলা হয়ে শহীদ হাদিস পার্ক পর্যন্ত ফুটপাতের দোকানগুলোতে ঈদের বাজার জমে উঠেছে। এ ছাড়া নগরের সিমেট্রি রোডের জুতার দোকান, সাউথ সেন্ট্রাল রোডের বিপণিবিতানগুলোতেও চলছে জমজমাট বেচাকেনা। ঈদ উপলক্ষে এবার তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে বিশ্বখ্যাত গায়িকা শাকিরার নামে আসা ওয়াকা ওয়াকা থ্রি-পিস ও স্কার্ট। এ ছাড়া রয়েছে মাসাককালি, তেরে লিয়ে, সোহানা, প্রতিজ্ঞা ও সানিয়া মির্জা থ্রি-পিস। নগরের শাড়ির দোকানগুলোতেও লক্ষ করা যাচ্ছে উপচে পড়া ভিড়। বিভিন্ন বয়সের নারীরা হালফ্যাশনের শাড়ি কিনতে ব্যস্ত। তরুণদের পচ্ছন্দ বোম্বের হালফ্যাশনের চেক শার্ট, প্যান্ট এবং দেশীয় পাঞ্জাবি ও ফতুয়া। রোজার প্রথম দিকে নগরের গজ কাপড় ও থ্রি-পিসের দোকানগুলোতে ছিল উপচে পড়া ভিড়। ঈদ ঘনিয়ে আসায় এসব দোকানে ভিড় কমলেও বাড়ছে জুতা ও প্রসাধনসামগ্রীর দোকানে। এখন প্রচণ্ড ব্যস্ত সময় পার করছে নগরের দর্জির দোকানগুলো। গতকাল শনিবার দুপুরে নগরের কেডিএ নিউমার্কেটে স্ত্রী, ছেলেমেয়ে নিয়ে জামাকাপড় কিনতে আসেন সরকারি চাকরিজীবী আবু বক্কার সিদ্দিক। তিনি বলেন, ‘আমরা নির্দিষ্ট আয়ের মধ্যে থেকেই ছেলেমেয়েদের পছন্দের জামাকাপড় কিনতে চেষ্টা করছি। যেগুলো পছন্দ হয় সেগুলোর দাম একটু বেশি চাচ্ছেন দোকানিরা। তবে এই মার্কেটে পছন্দের সব জিনিসই রয়েছে।’ একই মার্কেটে থ্রি-পিস কিনতে আসা তরুণী সাবিহা বলেন, এবার থ্রি-পিসের দাম একটু বেশি। আগের মতো দরাদরি করে কেনা যাচ্ছে না। দোকানিরা এক দরে বিক্রি করছেন। তবে এই মার্কেটে নিরাপত্তা-ব্যবস্থা ভালো থাকায় সব বয়সের নারী-পুরুষ কেনাকাটায় স্বাচ্ছন্দ্যবোধ করেন।নিউমার্কেটের খুলনা এন্টারপ্রাইজের মালিক মো. সেলিম জানান, দোকানে তিনি সব ধরনের নারীর পছন্দসই পোশাক রাখার চেষ্টা করেছেন। তরুণীদের বেশি পছন্দ ভারতীয় পোশাক। এসব পোশাক আমদানি করতে গিয়ে খরচ একটু বেশি হলেও দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করা হয়েছে।