খুলনায় এক সাংবাদিককে হত্যার চেষ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালের কণ্ঠের খুলনা ব্যুরোপ্রধান গৌরাঙ্গ নন্দীকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ হয়ে গৌরাঙ্গ নন্দী এই অভিযোগ করেছেন। গত রোববার গভীর রাতে পত্রিকাটির খুলনা কার্যালয় থেকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে নগরের গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।গৌরাঙ্গ নন্দী জানান, সংবাদসংক্রান্ত আলাপ-আলোচনার জন্য গত রোববার রাত নয়টার দিকে দুজন তাঁর কার্যালয়ে আসেন। তাঁদের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। তাঁরা নিজেদের কয়রার বাসিন্দা বলে জানান। কথাবার্তার একপর্যায়ে ওই দুই ব্যক্তি হঠাৎ তাঁকে জাপটে ধরেন। ধস্তাধস্তির একপর্যায়ে মুখে কয়েকটি সাদা ট্যাবলেট পুরে দেন তাঁরা। এ সময় মুখ তোয়ালে দিয়ে বেঁধে দেওয়া হয়। পরে তিনি অচেতন হয়ে পড়েন।