খুলনায় একই স্থানে বিএনপি ও যুব সংগ্রাম পরিষদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগরে আজ মঙ্গলবার একই স্থানে একই সময়ে সমাবেশ আহ্বান করেছে বিএনপি ও মহাজোট সমর্থিত যুব সংগ্রাম পরিষদ। জানা যায়, মহানগরের প্রাণকেন্দ্র পিকচার প্যালেস মোড় এলাকার মহারাজ চত্বরে আজ মঙ্গলবার বিকেল চারটায় যুব সংগ্রাম পরিষদ এবং খুলনা নগর ও জেলা বিএনপি সমাবেশের ডাক দিয়েছে। মহাজোটভুক্ত সব দলের যুব সংগঠনগুলোর সমন্বয়ে যুব সংগ্রাম পরিষদ গঠিত। এই সংগঠনের নেতা ও মহানগর যুবলীগের আহ্বায়ক আনিসুর রহমান ওরফে পপলু প্রথম আলোকে জানান, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গত ১৬ ফেব্রুয়ারি তাঁরা ঘোষণা দেন, মঙ্গলবার (আজ) তাঁরা মহারাজ চত্বরে সমাবেশ করবেন। এ জন্য সংগঠনের পক্ষ থেকে খুলনা সিটি করপোরেশনের অনুমতি নিয়েছেন। পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদনও করেছেন। খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান প্রথম আলোকে জানান, ১৯ ফেব্রুয়ারি ঢাকার মুক্তাঙ্গনে বিএনপির প্রতিবাদ সমাবেশে পুলিশের বাধা ও নেতা-কর্মীদের লাঠিপেটার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা ও মহানগর বিএনপি আজ সমাবেশ আহ্বান করেছে। যুব সংগ্রাম পরিষদ মহারাজ চত্বরে সমাবেশ করার অনুমতি চেয়ে আগে আবেদন করেছে উল্লেখ করে খুলনা মহানগর পুলিশের কমিশনার হেলাল উদ্দিন বদরী বলেন, দুই পক্ষই যাতে পৃথক স্থানে সমাবেশ করতে পারে সে জন্য তাঁরা উভয় দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে কথা বলছেন।