খুলনায় এবার দলিল লেখকদের ধর্মঘটের হুমকি
খুলনা সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশদের (এক্সট্রা মোহরার) কলমবিরতি কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জেলা সদর দলিল লেখক সমিতি। আগামী ১ জানুয়ারির মধ্যে নকলনবিশরা কর্মসূচি প্রত্যাহার না করলে তাঁরাও লাগাতার ধর্মঘট শুরু করবেন বলে হুমকি দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার জেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সামনে সদর দলিল লেখক সমিতি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
খুলনা সদর দলিল লেখক সমিতির সভাপতি শেখ আবু তালেবের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, একটি কুচক্রী মহলের প্রচারণায় নকলনবিশরা কলমবিরতি কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। দেশের কোথাও এ ধরনের লাগাতার কর্মসূচি না থাকলেও খুলনায় তাঁরা এ কর্মসূচির নামে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মো. মোশাররফ হোসেন, খুলনা সদর সহকারী দলিল লেখক সমিতির সভাপতি শের আলম শেরবাগ ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।
চাকরি স্থায়ী করা, ১৬ মাসের বকেয়া পারিশ্রমিক পরিশোধ ও বিভিন্ন অনিয়ম বন্ধের দাবিতে ৪ ডিসেম্বর থেকে খুলনায় কলমবিরতি পালন করেছেন নকলনবিশরা। তাঁদের কলমবিরতির ফলে মানুষ জমিজমার দলিলপত্রের নকল তুলতে পারছেন না। পাশাপাশি দলিল লেখকেরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।