খুলনায় এবারও কেউ পশুর হাট ইজারা নেয়নি
কোরবানির পশুর হাট পরিচালনার জন্য পরপর দুবার দরপত্র আহ্বান করেছে খুলনা সিটি করপোরেশন। তবু উচ্চমূল্যের কারণে ঠিকাদারেরা সেই আহ্বানে সাড়া দেননি। ফলে সপ্তমবারের মতো নিজস্ব ব্যবস্থাপনায় হাট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন। আগামী ৫ সেপ্টেম্বর নগরের জোড়া গেট পাইকারি কাঁচাবাজারে এ হাট শুরু হবে।
এই পশুর হাট থেকে বিগত বছরগুলোতে কোটি টাকা রাজস্ব এলেও হাটের ব্যবস্থাপনা নিয়ে প্রতিবছর ক্রেতা-বিক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা যায়। তাঁদের প্রধান অভিযোগ, বৃষ্টি হলে হাটের বিচ্ছিরি অবস্থা হয়। তবে এবার বৃষ্টির পানি ও দুর্যোগ মোকাবিলার জন্য আগেভাগেই প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সিটি করপোরেশন সূত্র জানায়, কোরবানির পশু কেনাবেচার জন্য প্রতিবছর জোড়া গেট পাইকারি কাঁচাবাজারে হাট বসায় করপোরেশন। আগে ঠিকাদারি প্রতিষ্ঠান হাট পরিচালনা করত। ২০০৯ সাল পর্যন্ত হাট থেকে করপোরেশনের সর্বোচ্চ রাজস্ব আয় ছিল ৪৭ লাখ টাকা। কিন্তু ২০১০ সালে করপোরেশন নিজস্ব ব্যবস্থাপনায় হাট পরিচালনার উদ্যোগ নেওয়ার পরই পাল্টে যায় চিত্র। সেই থেকে কোটি টাকার রাজস্ব আয় হচ্ছে।
সিটি করপোরেশনের রাজস্ব বিভাগ সূত্র জানায়, এ বছর জোড়া গেট কোরবানির পশুহাট ইজারা দেওয়ার জন্য ১৮ ও ২৩ আগস্ট দরপত্র আহ্বান করা হয়। ইজারামূল্য ছিল ১ কোটি ৪৫ লাখ ৪৬ হাজার ৫৫২ টাকা। এর সঙ্গে অতিরিক্ত ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ আয়কর যুক্ত হয়ে মোট অঙ্ক দাঁড়ায় ১ কোটি ৭৪ লাখ ৫৫ হাজার ৮৬২ টাকা। কিন্তু এত বড় অঙ্কের টাকা দিয়ে কেউ হাট ইজারা নেওয়ার ঝুঁকি নিতে চাননি। তাই কেউ দরপত্রও জমা দেননি। এ অবস্থায় ১০ আগস্ট করপোরেশনের বিশেষ সভায় সিদ্ধান্ত হয়, কেউ দরপত্রে অংশ না নিলে নিজস্ব ব্যবস্থাপনায় হাট চালানো হবে।
সূত্র জানায়, এই হাট থেকে ২০১৫ সালে রাজস্ব আয় হয় ১ কোটি ৭৩ লাখ ৬ হাজার ৭১০ টাকা, ২০১৪ সালে ১ কোটি ৪৯ লাখ ৮৭ হাজার ৮০ টাকা, ২০১৩ সালে ১ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৮৬৬ টাকা, ২০১২ সালে ৯২ লাখ ৭০ হাজার ৯৮৯ টাকা, ২০১১ সালে ৯৭ লাখ ৪৪ হাজার ৪২১ টাকা ও ২০১০ সালে আয় হয় ৯১ লাখ ৭৬ হাজার ৪০০ টাকা।
জানতে চাইলে সিটি করপোরেশনের বাজার সুপার গাজী সালাউদ্দীন প্রথম আলোকে বলেন, ঈদুল আজহার এক সপ্তাহ আগে জোড়া গেট কোরবানির পশুহাটের উদ্বোধন করা হবে। পশুহাট সফল ও তদারক করার জন্য এরই মধ্যে হাট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
এ বছরের প্রস্তুতির বিষয়ে গাজী সালাউদ্দীন বলেন, গরুর হাটের অর্ধেক এবার ইটের সলিং করা হয়েছে। নির্মাণ করা হয়েছে পাকা নালা। এতে খুব সহজেই পানি নেমে যাবে। এবারই প্রথম ছাগলের হাটের ওপর শামিয়ানা দেওয়া হবে। সেই সঙ্গে হাসিল ঘরে কম্পিউটারের সংখ্যা ২৫টি থেকে বাড়িয়ে ৩৫টি করা হবে। বৃষ্টির পানি যাতে মাঠে জমতে না পারে, সে জন্য পানি অপসারণের জন্য থাকবে পাম্পের ব্যবস্থা।