খুলনায় এলপি গ্যাস সরবরাহ বন্ধ
খুলনার পদ্মা এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেড থেকে দুই দিন ধরে তরল পেট্রোলিয়াম-এলপি গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বেশি দামে বিক্রি করার চিন্তা থেকে এ ফন্দি আঁটা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বিপাকে পড়েছেন খুলনাঞ্চলের ডিলার ও সরবরাহকারীরা। এলপি গ্যাস ডিলার ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন পরিচালিত খুলনার ‘পদ্মা’ ও ‘যমুনা’ অয়েল কোম্পানি লিমিটেড গত সোমবার থেকে কোনো কারণ উল্লেখ না করেই ডিলার বা সরবরাহকারীদের মধ্যে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। খুলনার এলপি গ্যাসের ডিলার জাহিদুর রহমান বলেন, সোমবার ও মঙ্গলবার দুই দিন ধরে পদ্মা ও যমুনা অয়েল কোম্পানিতে গ্যাস আনতে গেলে তাঁরা বলেছেন, গ্যাসের দাম বাড়বে। তাই চট্টগ্রাম থেকে নতুন মূল্যতালিকা না আসা পর্যন্ত গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। কোনো লিখিত নির্দেশ আছে কি না জানতে চাইলে তাঁরা বলেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফোনে সরবরাহ বন্ধ রাখতে বলেছে। জ্বালানি তেল পরিবেশক সমিতির যুগ্ম সম্পাদক শেখ হারুন আর রশীদ বলেন, ‘যতক্ষণ পর্যন্ত সরকারি নির্দেশ না আসবে, ততক্ষণ তারা গ্যাস সরবরাহ বন্ধ রাখতে পারে না। কোনো প্রকার লিখিত নির্দেশ ছাড়াই খুলনার পদ্মা ও যমুনা তেল কোম্পানি আমাদের দুই দিন গ্যাস দেয়নি।’ খুলনায় পদ্মা ডিপোর সহকারী ব্যবস্থাপক শাকিল আহমেদ বলেন, সোমবারও এলপি গ্যাস দেওয়া হয়েছে। তবে মজুদ কম থাকায় মঙ্গলবার দেওয়া হয়নি। তিনি দাম বাড়ার অভিযোগও অস্বীকার করেন। তবে যমুনা ডিপোর সহকারী ব্যবস্থাপক ইব্রাহিম খালিদ বলেন, সোমবার গ্যাস ছিল না। আর মঙ্গলবার আমাদের হেড অফিস চট্টগ্রাম থেকে ফোনে দাম বাড়ার কারণ উল্লেখ করে গ্যাস সরবরাহ করতে নিষেধ করেছে। যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আহমেদ নুর বলেন, সরকার গ্যাসের ওপর ১ জুলাই থেকে একটা ভ্যাট আরোপ করেছে। এখন বিপিএল থেকে সে অনুযায়ী মূল্য পুনর্নির্ধারণ করলেই আর এ সমস্যা থাকবে না।