খুলনায় ওএমএসের ৬৬ বস্তা চাল উদ্ধার, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের খালিশপুর এলাকা থেকে খোলাবাজারে বিক্রির (ওএমএস) ৬৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে খালিশপুর থানার পুলিশ চালের বস্তাগুলো উদ্ধার করে। এ ঘটনায় মামলা হয়েছে।খালিশপুর থানার উপপরিদর্শক (এসআই) মানস রঞ্জন দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আটটার দিকে পুলিশ হাউজিং বাজারের ১৪১ নম্বর রোডের ১৫১ নম্বর প্লটে যমুনা ট্রেডার্স নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় ওই প্রতিষ্ঠানের মালিক আবু তাহেরকে একাধিকবার খবর দেওয়া হলেও তাঁকে পাওয়া যায়নি। পরে দোকানের তালা ভেঙে ওএমএসের ৬২ বস্তা চাল জব্দ করা হয়। পরে একই এলাকা থেকে ওএমএসের আরও চার বস্তা চাল উদ্ধার করা হয়। এসআই মানস রঞ্জন দাস আরও জানান, দোকানের মালিক আবু তাহের ওএমএসের ডিলার নন এবং দোকানে পাওয়া চাল হাউজিং বাজার কমিটির সাধারণ সম্পাদক কাজী মোকসেদুর রহমানের জিম্মায় রাখা হয়েছে। এ ব্যাপারে খালিশপুর থানায় মামলা হয়েছে।