খুলনায় করা মানহানির মামলায় প্রথম আলোর সম্পাদকের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় করা একটি মানহানির মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন।গত বছরের ৬ অক্টোবর প্রথম আলোয় ‘খুনের পরিকল্পনায় খুলনা আ.লীগের চার নেতা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে মানসম্মান ক্ষুণ্ন করার অভিযোগে ৩ নভেম্বর খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন। মামলায় প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, প্রতিবেদক ইফতেখার মাহমুদকে বিবাদী করা হয়। এতে দণ্ডবিধির ৫০০/৫০১/৫০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।প্রথম আলোর সম্পাদক গতকাল সকালে হাইকোর্টে উপস্থিত হয়ে এ মামলায় জামিনের আরজি জানান। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। আদালতে তাঁর পক্ষে শুনানি করেন আইনজীবী ড. কামাল হোসেন। তাঁকে সহায়তা করেন আইনজীবী রমজান আলী সিকদার।২৯ ডিসেম্বর এ মামলায় খুলনার আদালত থেকে জামিন পান ইফতেখার মাহমুদ। তবে জামিন নিতে তিনি খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতে গেলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। এ সময় বাদী মিজানুর রহমানের সঙ্গে আসা আওয়ামী লীগের কর্মীরা ইফতেখারকে হত্যার হুমকি দেন। এ সময় প্রথম আলোর আইনজীবীদের সহায়তায় তিনি আদালতকক্ষের ভেতরে অবস্থান নেন এবং বাদীপক্ষের লোকজন চলে যাওয়ার কিছুক্ষণ পর আইনজীবীদের সহায়তায় আদালতকক্ষ ত্যাগ করেন।নারায়ণগঞ্জের মামলা স্থগিত: নারায়ণগঞ্জে করা একটি মানহানির মামলায় ২৯ ডিসেম্বর প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সহযোগী সম্পাদক মিজানুর রহমান খানের দুই মাসের আগাম জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। একই সঙ্গে মামলাটির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়।হাইকোর্টের এই আদেশসংক্রান্ত আইনজীবী সনদসহ ১ জানুয়ারি দরখাস্ত বিচারিক আদালতে দাখিল করা হয়। আদালতে প্রথম আলোর পক্ষে শুনানি করেন আইনজীবী আওলাদ হোসেন। এ সময় প্রথম আলোর পক্ষে আইনজীবী নূরুল কবীর আহমদ, আহছানুল করীম চৌধুরী, মাহবুবুর রহমান, ইসহাক তালুকদার, খলিলুর রহমান, সাখাওয়াত হোসেন খান, হাসান ফেরদৌসসহ ২৬ জন উপস্থিত ছিলেন। পরে আদালত ২৯ মার্চ পর্যন্ত মামলাটির কার্যক্রম স্থগিত করেন।১৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির পক্ষে সেক্রেটারি ফর সোশ্যাল সার্ভিস অ্যান্ড এন্টারটেইনমেন্ট মুহাম্মদ মহসীন মিয়া ওই দুজনকে বিবাদী করে মুখ্য বিচারিক হাকিম আদালতে (ক-অঞ্চল) মামলাটি করেন। এতে বাদী অভিযোগ করেন, ১০ ডিসেম্বর প্রথম আলোর ১২ পৃষ্ঠায় ‘অভিষেকে প্রধান বিচারপতি’ শিরোনামে ‘সরল গরল’ কলামে মিজানুর রহমান খানের লেখায় জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব আইনজীবীর সামাজিক মর্যাদা ও সম্মানহানি ঘটেছে।