খুলনায় কলেজছাত্রীকে অপহরণ চাঁদা দাবি, তিন যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার রূপসা উপজেলায় এক কলেজছাত্রীকে (১৬) অপহরণ করে শ্লীলতাহানি করে বখাটেরা। পরে তারা মেয়েটির আপত্তিকর ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবি করে। এই অভিযোগে মামলার পর গত বৃহস্পতিবার রূপসার কিসমত খুলনা গ্রাম থেকে তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন কিসমত খুলনা গ্রামের বাসিন্দা ও বাগেরহাট পিসি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র রুবেল ওরফে আরমান, তাঁর বড় ভাই লোকমান ওরফে রাসেল ও সহযোগী জয়পুর এলাকার বাদল।মামলার বাদী ও কলেজছাত্রীর বাবা প্রথম আলোকে জানান, তাঁর মেয়ে খুলনা নগরের একটি কলেজে পড়াশোনা করেন। গত ২৬ জানুয়ারি সন্ধ্যায় বাড়ির কাছাকাছি আসামাত্র এলাকার আরমান ও সহযোগী বাদল তাঁর মেয়েকে অপহরণ করেন। তিনি প্রতিবেশীদের কাছে খবর পান, আরমান রূপসার বাগমারা গ্রামের মামার বাড়িতে তাঁর মেয়েকে আটকে রেখেছেন। পরে তিনি বাগমারায় গিয়ে নৈহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এস এম হানিফকে সঙ্গে নিয়ে আরমানের মামার বাড়ি থেকে প্রায় অচেতন অবস্থায় তাঁর মেয়েকে উদ্ধার করেন।ছাত্রীর বাবা আরও বলেন, লোকলজ্জার ভয়ে তিনি তখন মামলা করেননি। কিন্তু অপহরণকারীরা গত ১৯ মার্চ তাঁর বাড়িতে একটি চিরকুট রেখে যায়। এতে বলা হয়, ৩০ হাজার টাকা না দিলে তাঁর মেয়ের আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে। পরে আরেকটি চিরকুট পাঠানো হয়। এ অবস্থায় গত ২৩ মার্চ তিনি রূপসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আসামিদের গ্রেপ্তারের পর থেকে তাঁদের পরিবারের সদস্যরা হুমকি দিচ্ছেন। এতে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।নৈহাটি ইউপির চেয়ারম্যান প্রার্থী এস এম হানিফ জানান, ‘ঘটনাটি জানার পর মেয়েটিকে আরমানের মামার বাড়ি থেকে উদ্ধারের ব্যবস্থা করি।’মামলার তদন্ত কর্মকর্তা ও রূপসা থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, আরমান অপহরণের কথা স্বীকার করেছেন, তবে চিরকুটের কথা অস্বীকার করেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য গত বৃহস্পতিবার আদালতে তিন দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। আদালত আজ রোববার রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করে তিন আসামিকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।