খুলনায় কলেজিয়েট গার্লস স্কুল নির্মাণে ত্রিপক্ষীয় স্মারক সই
ভারত সরকারের অনুদানে খুলনা নগরের খালিশপুরে খুলনা সিটি করপোরেশন একটি কলেজিয়েট গার্লস স্কুল নির্মাণ করছে। এ জন্য গতকাল বুধবার সকালে ঢাকায় ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এনইসি সম্মেলনকক্ষে খুলনা সিটি করপোরেশন, ঢাকাস্থ ভারতীয় দূতাবাস ও অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। খুলনা সিটি করপোরেশনের পক্ষে সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, ভারতীয় দূতাবাসের পক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এবং অর্থ মন্ত্রণালয়ের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আজম সমঝোতা স্মারকে সই করেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ভারতীয় দূতাবাস ও কেসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা সিটি করপোরেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
কেসিসি সূত্র জানায়, সমঝোতা চুক্তি অনুযায়ী ভারত সরকার খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল নির্মাণে খুলনা সিটি করপোরেশনের অনুকূলে ১২ কোটি ৮ লাখ টাকা অনুদান হিসেবে দেবে। অনুদানের অর্থে স্কুলের একাডেমিক ভবন নির্মাণ, কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি, আসবাবপত্র, স্কুলবাস কেনাসহ বিদ্যুৎ-সংযোগ কাজ সম্পন্ন করা হবে। ইতিমধ্যে কেসিসি ‘কনস্ট্রাকশন অব খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল ইন খুলনা সিটি করপোরেশন এরিয়া’ শীর্ষক প্রকল্প গ্রহণ করেছে। ভারতীয় হাইকমিশনের তত্ত্বাবধানে খুলনা সিটি করপোরেশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। আগামী ডিসেম্বর নাগাদ প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছে কেসিসি।