খুলনায় কাউন্সিলর পদে নারী প্রার্থী একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডলি আক্তার
ডলি আক্তার

খুলনার দুটি পৌরসভার মধ্যে চালনায় সাধারণ আসনে কাউন্সিলর পদে ৩৩ জন এবং পাইকগাছা পৌরসভায় ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে এই দুই পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে একমাত্র মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে লড়ছেন ডলি আক্তার। ডলি আক্তার চালনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে উটপাখি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ডলি আক্তারের প্রতিদ্বন্দ্বী বর্তমান কাউন্সিলরসহ ছয়জন প্রার্থী। ডলি আক্তার নারীদের সংগঠন নারীবিকাশ কেন্দ্রের দাকোপ উপজেলা কমিটির উপদেষ্টা, উপজেলা মহিলা পার্টির সভাপতি, উপজেলা যুব মহিলা সমিতির সভাপতি এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চালনা পৌরসভায় মোট ভোটারের অর্ধেকের বেশি নারী। সেখানে ১০ হাজার ৭১১ জন ভোটারের মধ্যে ৫ হাজার ৩৮১ জন নারী এবং ৫ হাজার ৩২৯ জন পুরুষ। আর ৮ নম্বর ওয়ার্ডে ১ হাজার ৮৬১ জনের মধ্যে ৯৫০ জন নারী ও ৯১১ জন পুরুষ। ২০০৯ ও ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে দাকোপ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে হেরে যান ডলি। তবে এবার তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।
ডলি বলেন, সংরক্ষিত আসন সৃষ্টির মাধ্যমে নারীদের গণ্ডিবদ্ধ করা হয়েছে। এলাকায় নারীদের অসংখ্য সমস্যা। কিন্তু নারীরা পুরুষ কাউন্সিলরদের কাছে তাঁদের সব সমস্যা খুলে বলতে পারেন না। বিষয়টি মাথায় রেখে নারীর ক্ষমতা বাড়াতে কাউন্সিলর পদে নির্বাচন করতে আগ্রহী হয়েছেন।
প্রথম আলোকে ডলি বলেন, ‘আমি নির্বাচিত হলে নারীর ক্ষমতা বাড়ানো ছাড়াও মেয়রের কাছে নারীদের জন্য আলাদা বাজেট চাইব। এ ছাড়া পানি ও ড্রেনেজ সমস্যা নিরসনের চেষ্টা করব।’
ডলি আক্তার অভিযোগ করেন, ‘আমি নারী হয়ে সাধারণ ওয়ার্ডে নির্বাচন করায় প্রতিদ্বন্দ্বী কয়েকজন প্রার্থী ভোটারদের মধ্যে নানা বিভ্রান্তি ছড়াচ্ছেন।’ তবে নির্বাচনী পরিবেশ শেষ পর্যন্ত স্বাভাবিক থাকবে বলে তাঁর আশা।