খুলনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এসআই নিহত
খুলনা নগরের দৌলতপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দৌলতপুরে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এসআইয়ের নাম অঞ্জন কুমার সরকার (৫০)। তিনি দৌলতপুর থানায় কর্মরত ছিলেন। অঞ্জন কুমার বরগুনা জেলা সদরের গৌর সরকারের ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ সাংবাদিকদের বলেন, আজ বেলা ১১টার দিকে এসআই অঞ্জন একটি মামলার তদন্তকাজে দৌলতপুর থানা থেকে বের হয়ে মোটরসাইকেলে খুলনার দিকে যাচ্ছিলেন। খুলনা-যশোর মহাসড়কের বিজেএ অফিসের সামনে গেলে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন অঞ্জন। তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বেলা পৌনে দুইটার দিকে তিনি মারা যান। পুলিশ চালকসহ কাভার্ড ভ্যানটি আটক করেছে।
ওসি বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে অঞ্জনের লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।