খুলনায় কাল থেকে তিন দিনের ইজতেমা শুরু
খুলনা নগরের লবণচরা থানার রূপসী রূপসা এলাকায় কাল বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। ইজতেমায় প্রায় তিন লাখ মুসল্লি অংশ নেবেন। সব প্রস্তুতি প্রায় সম্পন্ন বলে আয়োজকেরা জানিয়েছেন।
আয়োজক কমিটির সমন্বয়কারী কাজী মো. তারেক বলেন, ছয় লাখ বর্গফুট এলাকায় শামিয়ানা টানানো হয়েছে। ময়দানের চারপাশ ঘিরে ৫১৬টি শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিরা যাতে ভালোভাবে বয়ান শুনতে পারেন, সে ব্যবস্থা রাখা হয়েছে। অসুস্থদের সেবা দেওয়ার জন্য ঢাকা থেকে একটি এবং স্থানীয়ভাবে একাধিক মেডিকেল টিম থাকবে।
মহানগর পুলিশের কমিশনার নিবাস চন্দ্র মাঝি বলেন, তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে। পোশাক পরা পুলিশের পাশাপাশি সাদাপোশাকে পুলিশ থাকবে। এ ছাড়া পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। মোতায়েন থাকবে প্রায় দুই হাজার পুলিশ। ইজতেমা প্রাঙ্গণে ৫৪টি ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। বিদেশি অতিথিদের নিরাপত্তায় বিশেষ নজরদারি থাকবে।
জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, আয়োজকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।