খুলনায় কুপিয়ে যুবককে হত্যা
খুলনা নগরের বসুপাড়া বাঁশতলা এলাকায় গতকাল বুধবার রাতে দুর্বৃত্তরা কুপিয়ে রেজোয়ান হোসেন (২৬) নামে এক যুবককে হত্যা করেছে। এ সময় সোহাগ ও মিলন নামে আরও দুজন আহত হন। পূর্বশত্রুতার জের ধরে আওয়ামী লীগের সমর্থক রেজোয়ানকে হত্যা করা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাত আটটার দিকে বসুপাড়া বাঁশতলা এলাকা দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন রেজোয়ানসহ তিনজন। ওই এলাকায় দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে রেজোয়ানকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। সোহাগ ও মিলন বাধা দিতে গেলে তাদেরও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা চলে গেলে স্থানীয় লোকজন তাঁদের দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রেজোয়ানকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে রেজোয়ানের মৃত্যু হয়েছে। আহত অন্য দুজনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সোনাডাঙ্গা থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, পূর্বশক্রতার জের ধরে রেজোয়ানকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।