খুলনায় কেন্দ্রীয় ঘোষণা প্রত্যাখ্যান ১৫ জেলায় জ্বালানি ধর্মঘট হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে ১৩ ফেব্রুয়ারি দেশব্যাপী জ্বালানি ধর্মঘটের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তা প্রত্যাখ্যান করেছে খুলনা বিভাগের সংশ্লিষ্ট সংগঠনগুলো। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ১৫ জেলায় ওই ধর্মঘট হচ্ছে না বলে সংগঠনগুলোর প্রতিনিধিরা ঘোষণা করেছেন। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রল ওনার্স অ্যাসোসিয়েশনের খুলনা শাখা; বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের খুলনা শাখা এবং খুলনা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন গতকাল বুধবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ধর্মঘটে তাদের সমর্থন নেই বলে জানায়। সংগঠন তিনটির খুলনা বিভাগীয় কমিটির নেতারা কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচির সঙ্গে দ্বিমত পোষণ করেন। তাঁরা খুলনা বিভাগ এবং বৃহত্তর ফরিদপুর—এই দুই এলাকার মোট ১৫ জেলায় এ কর্মসূচি পালন না করার ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রল ওনার্স অ্যাসোসিয়েশন খুলনা শাখার সাধারণ সম্পাদক গাজী হাফিজুর রহমান বলেন, তাঁদের সঙ্গে আলোচনা না করেই কেন্দ্রীয়ভাবে ১৩ দফা দাবিতে সারা দেশে জ্বালানি তেল উত্তোলন, সরবরাহ ও বিপণন বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। তিনি বলেন, তাঁরা কেন্দ্রের কিছু দাবিকে ন্যায়সঙ্গত মনে করেন। তবে তাঁরা কেন্দ্রের এ কর্মসূচিকে সময়োপযোগী মনে করেন না।