খুলনায় কোচিং সেন্টারের পক্ষে আ.লীগ নেতারা

খুলনায় স্কুল সময়ে কোচিং সেন্টার চালুর পক্ষে অবস্থান নিয়েছেন সাংসদসহ আওয়ামী লীগের স্থানীয় নেতারা। ওই সময়ে কোচিং সেন্টার চালু করতে মতবিনিময়সহ কোচিং সেন্টারগুলোর করা মানববন্ধনে অংশ নিয়ে তা চালু রাখার দাবি জানাচ্ছেন তাঁরা।
তবে জেলা প্রশাসনের দাবি, স্কুল সময়ে কোচিং সেন্টার চালু রাখতে এখনো কোনো রাজনৈতিক নেতা তাঁদের ওপর চাপ প্রয়োগ করেননি। সরকারের নির্দেশনা অনুযায়ীই তাঁরা ওই সময়ে কোচিং সেন্টার বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, নিয়ন্ত্রণ না থাকায় খুলনা নগরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে কোচিং সেন্টার। স্কুল সময়ে কোচিং সেন্টার চালু থাকায় অধিকাংশ স্কুলের শ্রেণিকক্ষে শিক্ষার্থী পাওয়া যায় না। এ কারণে গত আগস্ট মাসে সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্কুল সময়ে কোচিং সেন্টার বন্ধ রাখতে নির্দেশ দেন জেলা প্রশাসক। এ নির্দেশনা জারি করে নগরের মধ্যে মাইকিংও করা হয়।
গতকাল সোমবার খুলনা নগরের শিববাড়ী মোড়ে স্কুল সময়ে কোচিং সেন্টার বন্ধ রাখার প্রতিবাদে মানববন্ধন করেছে খুলনা কোচিং সেন্টার পরিচালক অ্যাসোসিয়েশন। ওই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল। তাঁরা কোচিং সেন্টার খুলে দেওয়ার আহ্বান জানান।
খুলনা কোচিং সেন্টার পরিচালক অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যামল কুমার রায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কোচিং সেন্টার বন্ধ করায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরাও। এ কারণে অভিভাবকেরা আমাদের মানববন্ধন করতে অনুরোধ করেছিলেন। ওই মানববন্ধনে সাইফুল ইসলাম ও রাসেল আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দিয়েছেন।’
জেলা প্রশাসন যখন ওই নির্দেশনা জারি করে তখন খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমান মিজান দেশের বাইরে ছিলেন। ওই মাসের শেষের দিকে তিনি খুলনায় আসেন। ৬ সেপ্টেম্বর খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। ওই মতবিনিময় সভায় কোচিং সেন্টারের পক্ষে সাফাই গান সাংসদ। তিনি বলেন, বাংলাদেশের কোনো জায়গায় কোচিং বন্ধ হয়নি। অথচ খুলনাতে কোচিং বন্ধ করে দেওয়া হয়েছে। জেএসসি, পিইসি ও বার্ষিক পরীক্ষার আগে কোচিং সেন্টার বন্ধ করায় শিক্ষার্থীদের ফলাফল বিপর্যয় হতে পারে বলে মন্তব্য করেন তিনি। তবে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রতিদিনের উপস্থিতি নিশ্চিত করারও দাবি করেন সাংসদ।
স্কুল সময়ে কোচিং সেন্টার বন্ধ রাখার বিপক্ষে রাজনৈতিক নেতাদের অবস্থান নেওয়ার বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) খুলনাঞ্চলের পরিচালক টি এম জাকির হোসেন বলেন, ‘কোনো কোচিং সেন্টার বন্ধ করা হয়নি। শিক্ষার্থীদের স্কুলমুখী করতে স্কুল সময়ে কোচিং বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল সময়ের পর কোচিং করানো যাবে।’