খুলনায় কোরবানির জন্য ১৭২ স্থান নির্ধারণ ৩১ কমিটি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের পরিবেশ স্বাস্থ্যসম্মত ও দূষণমুক্ত রাখতে নগরের ৩১টি ওয়ার্ডে ১৭২টি পশু জবাইয়ের স্থান নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত কেন্দ্রসমূহে সুষ্ঠু ও পরিচ্ছন্ন পরিবেশে পশু কোরবানি নিশ্চিত করার জন্য ওয়ার্ড কাউন্সিলরকে সভাপতি, সংরক্ষিত আসনের কাউন্সিলরকে জ্যেষ্ঠ সদস্য, ওয়ার্ড সচিবকে সদস্যসচিব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে ৩১টি ওয়ার্ডে কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়েছে।

গতকাল রোববার নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে খুলনা সিটি করপোরেশনের ২৬তম বিশেষ সভায় এ তথ্য জানানো হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী নগর এলাকায় নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এ সভা আহ্বান করা হয়।

এ ছাড়া নির্দিষ্ট স্থানে পশু কোরবানির কার্যক্রম বাস্তবায়নে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো, প্রতিটি ওয়ার্ডের নির্ধারিত স্থানে উদ্বুদ্ধকরণ সভা, মসজিদে মসজিদে ইমামদের মাধ্যমে মুসল্লিদের উদ্বুদ্ধ করা, বাজার বা জনবহুল স্থানে প্যানা স্থাপন, লিফলেট বিতরণ, পশু কোরবানির জন্য প্রতিটি কেন্দ্রে জবেহকারী নিযুক্তকরণ ইত্যাদি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভাপতির বক্তৃতায় সিটি মেয়র বলেন, পবিত্র ঈদুল আজহায় নগরে প্রায় ২০ হাজার পশু জবাই করা হয়। যত্রতত্র জবাই করা পশুর রক্ত ও বর্জ্য পরিবেশদূষণের মারাত্মক কারণ হয়ে দাঁড়ায়। সরকার-নির্দেশিত নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, পশু জবাই করার জন্য নগরীর ৩১টি ওয়ার্ডে স্থান নির্ধারণ করা হয়েছে। সবাইকে সচেতন করে নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই করা হলে পশুবর্জ্য দ্রুত অপসারণ করে নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখা সহজ হবে। তিনি পশু জবাই করার ২৪ ঘণ্টার মধ্যে পশুবর্জ্য অপসারণ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন।