খুলনায় ক্লিংকারবাহী কার্গো জাহাজডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগর-সংলগ্ন রূপসা নদীতে ৮০০ মেট্রিক টন ক্লিংকার-বোঝাই কার্গো জাহাজ ডুবে গেছে। গত বুধবার এম ভি টুঙ্গিপাড়া নামের ওই জাহাজটি তলা ফেটে ডুবে যায়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত জাহাজটির উদ্ধার কার্যক্রম শুরু হয়নি।
কার্গো জাহাজটির মালিক শেখ জালাল উদ্দিন রুবেল বলেন, মোংলা বন্দরের হাড়বাড়িয়া এলাকায় অবস্থানরত বিদেশি জাহাজ থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকার নিয়ে কার্গোটি খুলনার সেভেন রিংস সিমেন্ট ফ্যাক্টরির উদ্দেশে রওনা হয়। বুধবার বিকেল পাঁচটার দিকে সিমেন্ট ফ্যাক্টরির কাছাকাছি এসে তলা ফেটে কার্গোটি ডুবে যায়। তবে কার্গোতে থাকা সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তিনি বলেন, শুক্রবার সকালে নদীতে ডুবুরি নামিয়ে কী অবস্থা, তা দেখা হবে।
খবর পেয়ে বুধবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারের জন্য বিআইডব্লিউটিএকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আগামীকাল (শনিবার) থেকে মালিকপক্ষ জাহাজের ক্লিংকার ওঠানো শুরু করবে।
বিআইডব্লিউটিএর পরিচালক মো. শাহজাহান বলেন, বরিশাল ও নারায়ণগঞ্জে তাঁদের যে উদ্ধারকারী জাহাজ রয়েছে, তা ডুবে যাওয়া কার্গোটি উদ্ধার করতে সক্ষম নয়। কারণ, উদ্ধারকারী জাহাজগুলো সর্বোচ্চ ২৫০ মেট্রিক টনের নৌযান তুলতে সক্ষম। সে জন্য মালিকপক্ষ তাঁদের সঙ্গে যোগাযোগ করলে ব্যক্তিমালিকানাধীন বড় উদ্ধারকারী জাহাজ ভাড়া করার পরামর্শ দেওয়া হবে।
রূপসা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় কার্গোর মাস্টার আমিনুল ইসলাম রূপসা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।