খুলনায় জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল গতকাল বুধবার মিছিল ও পিকেটিংয়ের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ সময় হরতাল-সমর্থকেরা চারটি বাস, একটি ট্রাক ও কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে।এদিকে গতকাল ও গত মঙ্গলবার জামায়াত-শিবিরের ১৯ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হরতাল-সমর্থকেরা ভোরে খুলনা-যশোর মহাসড়কের শিরোমণি এলাকায় রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে পিকেটিংয়ের চেষ্টা করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা সরিয়ে নেয়। তারা পশ্চিম রূপসা মোড়, ময়লাপোঁতা মোড়, নতুন রাস্তা মোড়, বসুপাড়া মোড় ও জিরো পয়েন্ট মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে দেয়। তারা সকাল সাড়ে ছয়টার দিকে মহাসড়কের ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হানিফ পরিবহনের দুটি বাস, সাতটায় বয়রার পূজাখোলা মোড়ে একটি ট্রাক, পৌনে আটটায় নগরের ট্রাকস্ট্যান্ডের সামনে বাগেরহাটগামী একটি যাত্রীবাহী বাস, আটটায় নতুন রাস্তা ও মজগুন্নি এলাকায় কয়েকটি বেবিট্যাক্সি এবং সকাল ১০টায় বেজেরডাঙ্গা এলাকায় কালনা পরিবহনের একটি বাস ভাঙচুর করে।হরতাল-সমর্থকেরা সকালে গোয়ালখালী এলাকায় পুলিশের গাড়িতে হামলা চালায়। এ সময় পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সকাল সাতটায় হরতালের সমর্থনে নগর জামায়াতের আমির আবুল কালাম আজাদের নেতৃত্বে রূপসা এলাকায় একটি মিছিল হয়। রাস্তায় বড় বাস না চললেও অটোরিকশা, ইজিবাইক ও রিকশা ছিল প্রচুর। দুপুর ১২টার দিকে ছাত্রলীগের উদ্যোগে হরতালবিরোধী মোটরসাইকেল মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।