খুলনায় খালেদা জিয়া অসত্য বক্তব্য দিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় সম্প্রতি বিএনপির বিভাগীয় মহাসমাবেশে দলের চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার দেওয়া বক্তব্যকে সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর দাবি করেছেন খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা। গতকাল বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। এতে লিখিত বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেক।আওয়ামী লীগের নেতারা বলেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে জনগণ তাঁর (খালেদা জিয়া) কাছ থেকে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ বক্তব্য আশা করেছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন খুলনার সমাবেশে খুলনার মানুষের সামনে সম্পূর্ণ অসত্য বক্তব্য দিয়েছেন। এতে তিনি লজ্জা না পেলেও খুলনাবাসী লজ্জা পেয়েছে এবং তাঁর ওই অসত্য বক্তব্য প্রত্যাখ্যান করেছে।চারদলীয় জোট সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের কথা উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, ‘নির্যাতনের কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। আমরা কেউ এসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারিনি। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আমরা কোনো অন্যায়ের প্রতিবাদ পর্যন্ত করতে পারিনি। সভা-সমাবেশ করার অনুমতি পাইনি। অথচ খালেদা জিয়া বিনা বাধায় খুলনায় জনসভা করে গেলেন। আমরা অনুমতি দিতে কার্পণ্য করিনি। কারণ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। অথচ খালেদা জিয়া গণতন্ত্রে বিশ্বাস করেন না বলেই জনসভায় বলেছেন, আগামীতে ক্ষমতায় গেলে আমাদের জেলখানা আর আদালতের বারান্দায় বাসস্থানের ব্যবস্থা করে দেবেন।’ বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সম্পর্কে খালেদা জিয়া মিথ্যা তথ্য দিয়েছেন দাবি করে লিখিত বক্তব্যে আরও বলা হয়, আওয়ামী লীগ সরকারের সময় পণ্যের দাম বাড়েনি। বরং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতা-কর্মীরা চাল, ডাল ও তেলের দাম ইচ্ছামতো বাড়িয়ে জনদুর্ভোগ সৃষ্টি করেছিলেন।সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, খালেদা জিয়ার সরকারের আমলে খুলনায় কোনো উন্নয়নকাজ হয়নি। শুধু নামের কারণে শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের কাজটি বন্ধ রেখে হাসপাতালের সব আধুনিক যন্ত্রপাতি বগুড়ায় নিয়ে যাওয়া হয়েছিল।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, নগর আওয়ামী লীগের মল্লিক আবিদ হোসেন, শেখ হায়দার আলী, বাবুল রানা, হালিমা ইসলাম, মাহবুবুল আলম, আনিসুর রহমান প্রমুখ।