খুলনায় খোলাবাজারে চাল বিক্রি সোমবারের আগে শুরু হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোলাবাজারে চাল (ওএমএস) বিক্রির ঘোষণা থাকলেও ডিলার নিয়োগ না হওয়ায় গতকাল বৃহস্পতিবারও খুলনা নগরে চাল বিক্রির কার্যক্রম শুরু করতে পারেনি খাদ্য অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার সকালে খাদ্য মন্ত্রণালয় থেকে খোলাবাজারে চাল বিক্রির নীতিমালা এসে পৌঁছায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে। রোববারের মধ্যে ডিলার নিয়োগ সম্পন্ন হলে সোমবার থেকে খুলনায় চাল বিক্রির কার্যক্রম শুরু হতে পারে। চালের দাম বেড়ে যাওয়ায় এবং ওএমএস কার্যক্রম শুরু না হওয়ায় এই চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে খুলনার সাধারণ মানুষ।জানা যায়, দেশে চালের চাহিদা বাড়তে থাকায় সরকার গত বুধবার থেকে ঢাকার পাশাপাশি সাতটি বিভাগীয় শহরে খোলাবাজারে চাল বিক্রির কার্যক্রম শুরু করার কথা ঘোষণা করে। এতে খুলনার দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে কিছুটা স্বস্তি ছড়ায়। কিন্তু মন্ত্রণালয় বা খাদ্য অধিদপ্তর থেকে কোনো নীতিমালা বা কীভাবে, কত দামে চাল বিক্রি করতে হবে, কারা বিক্রি করবে—এ ব্যাপারে কোনো নির্দেশনা গত বুধবার পর্যন্ত খুলনায় এসে পৌঁছায়নি। গতকাল সকালে নীতিমালা খুলনায় এসে পৌঁছার পর ডিলার নিয়োগ, ডিলারদের টাকা জমা নেওয়া, চাল উত্তোলন ও চাল বিতরণ করতে আরও তিন-চার দিন সময় লেগে যাবে। সে ক্ষেত্রে আগামী সোমবারের আগে কোনোভাবেই খোলাবাজারে চাল বিক্রি করা সম্ভব হবে না।খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল নীতিমালা এসে পৌঁছেছে। ডিলার নিয়োগ সম্পন্ন না হওয়ায় গতকাল চাল বিতরণ কার্যক্রম শুরু করা যায়নি। ২৫ জন ডিলার নিয়োগ করে নগরের ৩১টি ওয়ার্ডে খোলাবাজারে সরকারি চাল বিক্রি শুরু করা হবে। এসব প্রক্রিয়া সম্পন্ন করে চাল বিক্রি আগামী সোমবারের আগে সম্ভব হবে না।খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম প্রথম আলোকে জানান, খোলাবাজারে ওএমএস চাল বিক্রির জন্য গত বৃহস্পতিবার তিনি মন্ত্রণালয়ের নির্দেশ পেয়েছেন। ডিলার হওয়ার আবেদন জমা পড়েছে। এসব আবেদন খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রোববার পাঠানো হবে।