খুলনায় খ্রিষ্টানদের চার একর জমি বেদখল
খুলনা নগরের রূপসা নতুন বাজার চর এলাকায় খ্রিষ্টান ব্যাপ্টিস্ট চার্চ সংঘের প্রায় চার একর জমি দখল করে শতাধিক মানুষ বসতি স্থাপন করেছে। এ কারণে খ্রিষ্টানদের সামাজিক আচার-অনুষ্ঠানে বিঘ্ন ঘটছে বলেও অভিযোগ উঠেছে।এলাকাবাসী জানান, জমি দখল করে বসতি গড়েছেন আলী হোসেন, নেছারুদ্দীন সানা, হানিফ হাওলাদার, হাফিজুর রহমান মাতব্বর, নুর ইসলাম হাওলাদার, হারুন হাওলাদার, লায়েক ঢালাই, মাসুদ খলিফা, বাচ্চু খান, নজরুল ইসলাম শেখসহ কয়েকজন। এ ১০ জনকে খুলনা সদর থানায় হাজির হওয়ার নোটিশ দেয় খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। কিন্তু তাঁরা আসেননি।গত সোমবার সরেজমিনে দেখা গেছে, ছোট গলিপথের দুই পাশে শতাধিক বস্তিঘর। বাসিন্দাদের কেউ কেউ কয়েক বছর ধরে এখানে বাস করছে। এখানকার বাসিন্দা হারুন হাওলাদার ও আয়শা বেগম দাবি করেন, একসময় এই জমি ডোবা ছিল এবং খ্রিষ্টানদের নিম্ন আয়ের লোকজন এখানে বাস করত। তারা অন্যত্র চলে যাওয়ায় তাদের কাছ থেকেই এই সম্পত্তি তাঁরা কিনেছেন।ব্যাপ্টিস্ট চার্চ সংঘের পক্ষে ওই জমির আমমোক্তার মুসা হোসেন খান জানান, খুলনা সদর থানার টুটপাড়া মৌজায় খ্রিষ্টানদের তিন একর ৭৯ শতাংশ জমি দখল করে শতাধিক মানুষ বসতি গড়েছে। মিশনারির জন্য হুকুমদখল করা এই জমির এক পাশে গির্জা ও অন্যান্য স্থাপনা রয়েছে। কিন্তু দখলদারেরা সম্পত্তির ওই অংশ দখল করে বস্তিঘর নির্মাণ করায় এখানে খ্রিষ্টানদের সামাজিক আচার-অনুষ্ঠানে বিঘ্ন ঘটছে। এ ব্যাপারে ব্যাপ্টিস্ট চার্চ সংঘের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দখলদারদের উচ্ছেদের আবেদন করা হয়েছে। কিন্তু স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের কারণে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা সম্ভব হয়নি।এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কেএমপি দখলদারদের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উল্লিখিত জমি খ্রিষ্টানদের রেকর্ডভুক্ত।তদন্তকারী কর্মকর্তা (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার মোল্লা আজাদ হোসেন জানান, বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ সংঘের পক্ষে সংঘের সাধারণ সম্পাদক রেভারেন্ড অসীম বাড়ৈ ওই জমি মুসা হোসেন খানকে দেখাশোনা, সংরক্ষণ, তত্ত্বাবধান, উন্নতি সাধন ইত্যাদি করার জন্য চলতি বছরের ১৬ জানুয়ারি আমমোক্তার নিযুক্ত করেন। এই জমি নিয়ে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের অবনতি না ঘটে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সহসভাপতি প্রকৌশলী নির্মল রায় প্রথম আলোকে জানান, অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের অসহযোগিতায় তাঁদের উচ্ছেদ করা কঠিন হয়ে পড়েছে। তিনি এ ব্যাপারে সব মহলের সহযোগিতা কামনা করেছেন।