খুলনায় গণপিটুনিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যে চেতনানাশক মিশিয়ে বাড়ির সবাইকে অচেতন করে ঘরের মালামাল চুরির সময় জনতার হাতে ধরা পড়ে গণপিটুনিতে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত ও অন্য একজন গুরুতর আহত হয়েছেন। গত বুধবার গভীর রাতে খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ঝড়ভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আজগর (৩৫) খুলনা মহানগরের সদর থানার রেলস্টেশনসংলগ্ন কদমতলায় থাকেন বলে পুলিশ জানিয়েছে। আহত মিরাজ (৩৫) খুলনার রূপসা উপজেলার আলাইপুরের বাসিন্দা। চেতনানাশক মিশ্রিত খাবার খেয়ে সংজ্ঞাহীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন গৃহকর্তার বাবা-মা। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় দুষ্কৃতকারীরা ঝড়ভাঙ্গা গ্রামের ব্যবসায়ী জগদীশ গোলদারের রান্নাঘরে প্রবেশ করে খাবারে চেতনানাশক মিশিয়ে দেয়। ঘটনার দিন জগদীশ গোলদার তাঁর শ্বশুরবাড়ি ফরিদপুরে ছিলেন। বাড়িতে ছিলেন বৃদ্ধ বাবা-মা রবীন গোলদার (৭০) ও কমলা গোলদার (৬৫)। রাতে তাঁর বাড়িতে পাশের বাড়ির সুদীপ্ত গোলদার (১৮) ঘুমাতেন। রাতের খাওয়া শেষে রবীন-কমলা দম্পতি ঘুমিয়ে পড়লে দুষ্কৃতকারীরা বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। বৃদ্ধ দম্পতি ঘুমিয়ে পড়লেও সুদীপ্ত চোরদের উপস্থিতি টের পেয়ে একজনকে ধরে ফেলেন। সুদীপ্তর চিত্কারে এলাকাবাসী ছুটে এসে দুষ্কৃতকারীদের ঘিরে ফেলে। এ সময় দুজন আত্মরক্ষার জন্য পার্শ্ববর্তী পুকুরে লাফিয়ে পড়লে এলাকাবাসী তাদের ওপরে উঠিয়ে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই আজগরের মৃত্যু হয়। পুলিশ অন্যজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।