খুলনায় গণিত উৎসবের নিবন্ধন চলছে
খুলনায় আঞ্চলিক গণিত উৎসবের নিবন্ধন চলছে। গত রোববার থেকে নিবন্ধন শুরু হয়েছে। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও গোপালগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির এক হাজার শিক্ষার্থী এতে অংশ নিতে পারবে। তবে ক্যাটাগরির ভিত্তিতে নাম নিবন্ধন করতে হবে। খুলনা পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২১ ডিসেম্বর এ উৎসব হবে।
ডাচ-বাংলা ব্যাংক-প্রথম আলোর আয়োজনে এ গণিত উৎসব এবার চতুর্দশবারের মতো অনুষ্ঠিত হবে। ২০১৬ সালের হংকংয়ে অনুষ্ঠেয় ৫৭ তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের দল নির্বাচন করতে সারা দেশে এ উৎসব শুরু হবে ১৮ ডিসেম্বর।
এ বছর মোট ২৪টি জেলায় আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হবে। আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ীরা ফেব্রুয়ারি মাসে ঢাকায় অনুষ্ঠেয় চতুর্দশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে অংশ নেবে।
আয়োজকেরা জানিয়েছেন, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রথম আলোর খুলনা অফিসে (৩৩৫, শেরে বাংলা রোড, ময়লাপোতা মোড়, খুলনা। মুঠোফোন-০১৭১৫ ৯৫১০৩৬) এসে নিবন্ধন করা যাবে। ‘আগে এলে আগে’ ভিত্তিতে নিবন্ধন করা যাবে।