চতুর্থ দফা উপজেলা নির্বাচনের দিন ২৩ মার্চ খুলনার রূপসা উপজেলায় নির্বাচনী সহিংসতায় উপজেলার যুবলীগের গুলিবিদ্ধ নেতা সেলিম পাটোয়ারী (৩০) মারা গেছেন।
আজ শুক্রবার ভোরে রাজধানীর বক্ষব্যাধী হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সেলিম মারা যান।
নিহত সেলিম উপজেলার নৈহাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের যুবলীগের সহসভাপতি ছিলেন। তিনি রূপসার কাজদিয়া গ্রামের তাজুল পাটোয়ারীর ছেলে।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফরিদ আহমেদ প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত শেষে লাশ ঢাকা থেকে খুলনায় আনা হবে।
সেলিমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ নেতা-কর্মীরা ভোর থেকে সকাল নয়টা পর্যন্ত রূপসা-বাগেরহাট সড়ক অবরোধ করে রাখেন।
নির্বাচনের দিন রূপসার সামন্তসেনা দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই হওয়ার ঘটনায় পুলিশ গুলি চালায়। এতে সেলিম পাটোয়ারীসহ নয়জন গুলিবিদ্ধ হন। আহত ব্যক্তিদের প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেলিমসহ তিনজনকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় পুলিশের দুই সদস্যও আহত হন।