খুলনায় গৃহকর্মী সিমা হত্যার বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহকর্মী সিমা হত্যার বিচারের দাবিতে গতকাল শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সম্মিলিত মানবাধিকার সুরক্ষা ফোরামের উদ্যোগে সংবাদ সম্মেলন হয়েছে। একই দিন একই স্থানে সিমা হত্যার মামলার আসামিদের পক্ষের লোকজন পাল্টা সংবাদ সম্মেলন করেছে। তারা আসামিদের মুক্তি দাবি করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা নগরের মুজগুন্নি আবাসিক এলাকার মাসুদ হাসানের বাসার গৃহকর্মী সিমা (১৩) গত বছরের ৩ এপ্রিল নিখোঁজ হয়। চলতি বছরের ৩১ জানুয়ারি ডুমুরিয়া উপজেলার আকতারের মোড় থেকে বস্তাবন্দী এক নারীর লাশ উদ্ধার হয়। সিমার মা সুফিয়া খাতুন লাশটি নিজের মেয়ের বলে শনাক্ত করেন। সুফিয়া ১৫ জুলাই তাঁর মেয়েকে পাচার ও হত্যার অভিযোগে মাসুদ ও তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে খুলনার একটি আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে খালিশপুর থানার উপপরিদর্শক শাহ আলম ১৪ অক্টোবর মাসুদ ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেন।গতকাল দুপুর ১২টায় সম্মিলিত মানবাধিকার সুরক্ষা ফোরামের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় ফোরামের সদস্যসচিব সুতাপা বেদজ্ঞ বলেন, ‘গ্রেপ্তার হওয়া মাসুদ ও তাঁর স্ত্রীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের করতে হবে এবং মামলাটিকে চাঞ্চল্যকর হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।’ মাসুদ ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদ এবং তাঁদের মুক্তির দাবিতে পরিবারের পক্ষ থেকে বেলা একটায় সংবাদ সম্মেলন করা হয়। পরিবারের পক্ষে লিখিত বক্তৃতায় মাসুদের বোন নাসিমা খানম বলেন, ‘ডুমুরিয়া পুলিশের হাতে উদ্ধার হওয়া নারীর লাশটি আসলে সিমার নয়। বিশেষ মহলের ষড়যন্ত্রে সিমাকে গুম করে আমার ভাই-ভাবিকে বিপদে ফেলা হয়েছে।’