খুলনায় গৃহবধূ খুন স্বামী পলাতক
খুলনা নগরের নতুন বাজার এলাকায় হোসনে আরা (৩৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। গতকাল শনিবার দুপুরে পুলিশ ঘরের দরজা ভেঙে তাঁর লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়। ঘটনার পর থেকে স্বামী আমানউল্লাহ আত্মগোপন করেছেন। এলাকাবাসী জানায়, আমানউল্লাহর সঙ্গে হোসনে আরা নতুন বাজার ওয়াবদা বেড়িবাঁধ এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। গতকাল সকালে হোসনে আরার মা ওই বাসায় গিয়ে দরজা তালাবদ্ধ দেখেন। এ সময় দরজার ফাঁক দিয়ে উঁকি দিলে ভেতর থেকে আসা দুর্গন্ধ পান তিনি। তাঁর অনুরোধে প্রতিবেশীরা এসে দরজার তালা ভাঙেন। ঘরে ঢুকে বিছানার ওপর হোসনে আরার লাশ পাওয়া যায়। খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, নিহত হোসনে আরার স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁকে গ্রেপ্তার করতে পারলে হত্যার উদ্দেশ্য জানা যেতে পারে। গতকাল সন্ধ্যায় এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উল গিয়াস প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাতে কোনো সময় ওই গৃহবধূ খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মসলা পেষার শিল দিয়ে মাথায় আঘাত করে তাঁকে খুন করা হতে পারে। নিহত ব্যক্তির মাথার কাছ থেকে রক্তমাখা শিলটি উদ্ধার করা হয়েছে।হোসনে আরার ভগ্নিপতি রাজু সাংবাদিকদের বলেন, নিহত ব্যক্তির দ্বিতীয় স্বামী দিনমজুর আমানউল্লাহ। ছয় মাস আগে তাঁদের বিয়ে হয়। আমানউল্লার পরিবার এই বিয়ে সহজভাবে নেয়নি। ব্যাংকে থাকা হোসনে আরার টাকা নিয়ে তাঁদের দাম্পত্য কলহ চলে আসছিল।