খুলনায় গৃহবধূকে এসিড নিক্ষেপের ঘটনায় মামলা
খুলনার তেরখাদা উপজেলার হাতিশুঁড় গ্রামে এসিড-সন্ত্রাসের শিকার ফিরোজা পারভীন গতকাল শনিবার বিকেলে পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। ফিরোজার পক্ষে ভাই রবিউল ইসলাম তেরখাদা থানায় এ মামলা করেন।গত বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীরা ফিরোজার ঘরে ঢুকে তাঁর গায়ে এসিড ঢেলে শরীর ঝলসে দেয়। ফিরোজা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার সকালে একতাদুল (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। একতাদুল মামলার এক নম্বর আসামি।রবিউল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধ এবং পূর্বশত্রুতার জের ধরে ওই গ্রামের তিন ভাই জাহিদুল, সাইদুল ও একতাদুল এবং মোশা ও তাঁর ছেলে জোবায়েদ ফিরোজার গায়ে এসিড নিক্ষেপ করে। এ ঘটনায় তাঁর বোন বাদী হয়ে ওই পাঁচজনকে আসামি করে মামলা করেছেন।মামলার সত্যতা নিশ্চিত করে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম খান বলেন, ইতিমধ্যে এজাহারভুক্ত এক নম্বর আসামি একতাদুলকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।