খুলনায় গৃহবধূকে এসিডে ঝলসে দিয়েছে সন্ত্রাসীরা
খুলনার তেরখাদা উপজেলার হাতীশুঁড় গ্রামে গত বৃহস্পতিবার রাতে ফিরোজা পারভীন নামের এক গৃহবধূকে এসিড ঢেলে ঝলসে দিয়েছে সন্ত্রাসীরা। ফিরোজাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল শুক্রবার একতাদুল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জমি নিয়ে বিরোধ এবং পূর্বশত্রুতার জের ধরে তাকে এসিড ছোড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।ফিরোজার পরিবার ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে একদল সন্ত্রাসী দরজা ভেঙে ফিরোজার ঘরে ঢুকে তাঁকে বেঁধে ফেলে। তাঁর কাছে থাকা একটি হত্যা মামলার আলামত অডিও ক্যাসেট দাবি করে সন্ত্রাসীরা। ফিরোজা ক্যাসেটটি দিতে রাজি না হলে সন্ত্রীরা তাঁর শরীরে এসিড ঢেলে দেয় এবং ঘরের আলমারিতে রাখা জমি বিক্রির এক লাখ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায়। এ সময় ফিরোজার চিৎকারে পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে গতকাল সকালে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।হাসপাতালের চিকিৎসক জ্যোতির্ময় জানান, ফিরোজার কাঁধ ও বুকের বেশ কিছু অংশ ঝলসে গেছে। তবে তিনি আশঙ্কামুক্ত।তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম খান প্রথম আলোকে বলেন, ‘সন্ত্রাসীদের পাঁচজনকে ফিরোজা চিনতে পেরেছেন এবং তাদের নাম পুলিশকে জানিয়েছেন। এদের মধ্যে ওই গ্রামের একতাদুলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।’পারিবারিক সূত্রে জানা গেছে, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে তেরখাদা থানায় ফিরোজার আগেই একটি সাধারণ ডায়েরি (জিডি) করা ছিল।