খুলনায় গৃহবধূর মৃত্যু স্বামী ও সতিনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
খুলনার ডুমুরিয়া উপজেলার রুস্তমপুর গ্রামের নার্গিস বেগম (২৫) নামের এক গৃহবধূ গত মঙ্গলবার রাতে মারা গেছেন। স্বামী ও সতিনের নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আটটার দিকে শ্বশুরবাড়ির লোকজন নার্গিসকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরই তিনি মারা যান। এ সময় স্বামীসহ অন্যরা লাশ হাসপাতালে রেখে পালিয়ে যান। গতকাল বুধবার ময়নাতদন্ত শেষে লাশ নার্গিসের বাবা মো. বজলুর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে।তবে বজলুর রহমান অভিযোগ করেছেন, নার্গিসের স্বামী আবদুল সাত্তার ও তাঁর দ্বিতীয় স্ত্রী মিলে মঙ্গলবার বিকেলে তাঁকে মারধর করেন। একপর্যায়ে তিনি মারা যান। পরে তাঁরা নার্গিসের মুখে বিষ ঢেলে দেন। বজলুর রহমান জানান, প্রায় চার বছর আগে রুস্তমপুর গ্রামের সাত্তারের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়েছিল। এর আগে সাত্তার আরও দুটি বিয়ে করেছিলেন।